গত দুইদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল শাহরুখ খানের একটি ভিডিও। তার সঙ্গে রসিকতা করায় মেজাজ ধরে রাখতে পারেননি বলিউড বাদশাহ। কিন্তু সম্প্রতি সামনে এলো আসল সত্য!
দুবাইয়ে একটি শোয়ে অতিথি হিসেবে গিয়েছিলেন শাহরুখ। সেখানে শোয়ের নিয়ম অনুযায়ী সঞ্চালক বিভিন্ন রকমের রসিকতা করে থাকেন অতিথির সঙ্গে। সেই নিয়মেই সঞ্চালক শাহরুখকে একটি চোরাবালিতে ফেলে দেন। এই পর্যন্ত ঠিক ছিল। মাথা ঠাণ্ডা রেখে শাহরুখ অনুষ্ঠানের সঞ্চালিকা ও অন্যান্যদের বাঁচানোর চেষ্টা করছিলেন।
কিন্তু এরপর তাদের সামনে হাজির হয় ভয়ানক দর্শন এক কোমাডো ড্রাগন।পরে দেখা যায়, ওই শোয়ের আরেক সঞ্চালক অদ্ভুত পোশাক পরে কাণ্ডটি ঘটিয়েছেন। বিষয়টা নিয়ে শাহরুখ বিরক্ত হন। বার বার বলতে থাকেন, ‘এর জন্য আমাকে মুম্বাই থেকে এখানে নিয়ে এসেছো!’ তিনি যে ওভাবে রেগে যাবেন, সেটে উপস্থিত কেউই সেটা বুঝতে পারেননি।
আসলে এটি ছিল মিশরীয় গায়ক এবং মডেল রামিজ জালালের পূর্ব পরিকল্পিত একটি ফাঁদ। ভিডিওতে দেখা গিয়েছে, ঘটনায় খুব রেগে যান শাহরুখ খান। রামিজ বহুবার তার হাতে পায়ে ধরে ক্ষমা চাইলেও শান্ত করতে পারেননি শাহরুখকে। রাগের মাথায় কয়েকবার রামিজকে মারতেও তেড়ে যান শাহরুখ।
তবে সোমবার শাহরুখের ম্যানেজার জানান, ঘটনাটি ছিল পূর্ব পরিকল্পিত এবং শাহরুখও এই পরিকল্পনায় সামিল ছিলেন। আবুধাবির জনপ্রিয় ওই ‘প্র্যাঙ্ক টেলিভিশন শো’- এর সঞ্চালক রামিজ জালালের অনুরোধেই এই শুট করতে রাজি হয়েছিলেন শাহরুখ।
আর এসব বিপদে পড়া, রেগে যাওয়া, মারমুখী হওয়া— সবটাই পূর্ব পরিকল্পিত। শোনা গেছে, শোয়ের জন্য ২ কোটি রুপিও পেয়েছেন শাহরুখ খান।





