ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহির হাতে বেশ কয়েকটি ছবির কাজ রয়েছে। ফলে বেশ ব্যস্ত সময় পার করতে হচ্ছে জনপ্রিয় এই নায়িকাকে। এরইমধ্যে আরো একটি সিনেমার কাজে হাত দিয়েছেন তিনি। সিনেমার নাম ‘তুমি শুধু আমার।

আর এ ছবির জন্যই এখন কলকাতায় অবস্থান করছেন মাহি। জানা গেছে, সেখান থেকে শুটিংয়ের জন্য ইংল্যান্ডে উড়াল দেবেন তিনি। টানা ১৭ দিনের জন্য ইংল্যান্ড যাচ্ছেন এ চিত্রনায়িকা বলে জানা গেছে।

এ প্রসঙ্গে মাহি জানান, ১৭ দিনের জন্য যুক্তরাজ্যে যেতে হচ্ছে। সেখানে ‘তুমি শুধু আমার’ ছবির শুটিংয়ের কাজে যাচ্ছেন। এ ছবিতে তার চরিত্রের নাম পিয়া। ছবির কাহিনীতে তাকে একজন মডেল হিসেবে দেখা যাবে। এতে তার বিপরীতে থাকছেন তিন নায়ক। শুটিং শেষ করে ঢাকায় ফিরে ঈদ করার ইচ্ছে রয়েছে মাহির।

যৌথ প্রযোজনার এ সিনেমাটি যৌথভাবে পরিচালনা করছেন কলকাতার জয়দীপ মুখার্জি ও বাংলাদেশের অনন্য মামুন। বাংলাদেশ থেকে অ্যাকশন-কাট এন্টারটেইনমেন্ট এবং কলকাতা থেকে সিনেমাটি প্রযোজনা করছে এসকে মুভিজ।

পরিচালক অনন্য মামুন বলেন, ‘ছবিটির জন্য বেশ প্রস্তুতি নেয়া হচ্ছে। আমি আজ রাতে যুক্তরাজ্যে রওয়ানা করবো। সোহম ও মাহির প্রথম কাজ এটি। এছাড়া রয়েছেন কলকাতার ওম এবং বাংলাদেশের আমান রেজা। আগামী ঈদুল আজহাকে টার্গেট করে ছবিটি নির্মাণ করা হচ্ছে’।