দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ইফতার করার জন্য ইফতার মাহফিলে নিমন্ত্রণ পেয়েছেন ঢালিউডের সুপারস্টার অভিনেতা শাকিব খান। গতকাল রবিবার জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে ইফতার করবন প্রধানমন্ত্রী। সেই অনুষ্ঠানেই শাকিবকে নিমন্ত্রণ জানানো হয়েছিল।

ইফতার মাহফিলে যোগ দেওয়ার বিষয় নিয়ে শাকিব খান নিজেই বলেছিলেন রবিবার সকালে পাবনা থেকে ঢাকায় ফিরবেন যদিও শুটিং প্রায় শেষ। কিন্তু ঢাকায় প্রেসক্লাবের ইফতার পার্টিতে অংশ নেওয়ার জন্যই মূলত ঢাকায় ফিরছেন তিনি। এই পার্টিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন।

চলচ্চিত্রের উন্নয়নে কাজ করার আগ্রহ প্রকাশ করে বলেন, ‘আমাদের শুধু চলচ্চিত্রে অভিনয় করলেই হবে না। এখন সময় এসেছে চলচ্চিত্রের জন্য আরো কিছু করার। কিন্তু সরকার যদি সাহায্য না করে তবে আমাদের কী-বা করার আছে? তবে এই সরকার অনেক আন্তরিক, কিন্তু আমার মনে হয় ওনারা অনেক কিছুই জানেন না যে, তাঁদের কী করা উচিত। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে এসব বিষয় অবগত করতে চাই।’

উল্লেখ্য, বর্তমানে পাবনায় ‘রংবাজ’ ছবির শুটিং করছেন শাকিব। ছবিটিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন শবনম বুবলী। ছবিটি পরিচালনা শুরু করেছিলেন শামীম আহমেদ রনি। কিন্তু পরিচালক সমিতি থেকে তাঁর সদস্যপদ বাতিল হওয়ায় ছবিটি পরিচালনা করছেন আবদুল মান্নান। ঈদুল ফিতরে ছবিটি মুক্তি পেতে পারে।