ইসলামী বিশ্ববিদ্যালয়ে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সাবেক দুই সভাপতির বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ বুধবার তদন্ত কমিটির বিষয়ে নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ফিন্যন্স অ্যন্ড ব্যাংকিং বিভাগের সাবেক দুই সভাপতি সহকারি অধ্যাপক রুহুল আমিন এবং সহকারি অধ্যাপক মোঃ আসাদুজ্জামান বিভিন্ন সময় বিভাগের কাজের জন্য বিশ্ববিদ্যালয় তাহবিল থেকে টাকা উত্তলন করেছেন। উত্তলনকৃত টাকা যথাযথ ভাবে ব্যায় হয়েছে কিনা তা খতিয়ে দেখার জন্য তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী।
জানা যায়, ইংরেজী বিভাগের অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদকে তদন্ত কমিটির আহবায়ক করে গণিত বিভাগের সহোযোগী অধ্যাপক মোঃ আসাদুজ্জামানকে সদস্য এবং উপ-হিসাব পরিচালক মোঃ কামাল উদ্দিনকে সদস্য সচিব করে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তদন্ত কমিটিকে আগামী ৭ কার্য দিবসের মধ্যে উপাচার্য বরাবর তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলে জানা যায়।
উল্লেখ্য, চাকুরি বাণিজ্যের অডিও ফাঁসের ঘটনায় রুহুল আমিনকে প্রশাসনিক ও একাডমিক সকল কার্যক্রম থেকে বিরত রেখেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে বিয়ের প্রলোভন দেখিয়ে এক ছাত্রীর সঙ্গে প্রতারণার অভিযোগে মোঃ আসাদুজ্জামানকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত করা হয়।





