চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আগামীকাল বৃহস্পতিবার (১ জুন) থেকে গ্রীষ্মকালীন, রমজান, শব-ই-কদর ও ঈদ-উল-ফিতরের ৩৮ দিনের ছুটি শুরু। চলবে ৮ জুলাই পর্যন্ত।
এ ছুটিতে সকল ধরনের ক্লাস বন্ধ থাকবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. কামরুল হুদা।
বিশ্ববিদ্যালয়ের বিভাগ ও ইনস্টিটিউটসমূহের ক্লাস বন্ধ থাকলেও পূর্ব নির্ধারিত কোনো বিভাগে পরীক্ষা থাকলে তা চলবে। অন্যদিকে ২২ জুন থেকে ২৯ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল দাফতরিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে ছুটি শেষে পূর্ব নির্ধারিত অনুযায়ী সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নিয়মিত ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. কামরুল হুদা বলেন, বিশ্ববিদ্যালয়ের সেশনজট নিরসনসহ সার্বিক বিষয় বিবেচনায় রেখে গ্রীষ্মকালীন ছুটিকে রমজান ও ঈদের সঙ্গে একত্রিত করে দেয়া হয়েছে।





