চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি হিসেবে মিশা সওদাগর দায়িত্ব গ্রহণের পর থেকে নানা কর্মসূচি হাতে নিয়েছেন। তবে এখনকার ব্যস্ততা হলো আগামী ইফতার মাহফিলের আয়োজন।
সেই আয়োজন নিয়েও বেশ ব্যাপকতা আনার চেষ্টায় রয়েছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। এফডিসির অন্দরমহলের শিল্পী সমিতির অফিসটাও তাই এখন শিল্পীদের আনাগোনা বেড়েছে।
এদিকে দেশীয় চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেত্রী শাবানা বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। বেশকিছু অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত অংশ নেননি তিনি। পাশাপাশি জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে আজীবন সম্মাননা নিতে যাবেন কি-না তা নিয়েও স্পষ্ট কিছু জানা যায়নি। তবে গতকাল মিশা সওদাগর ছুটে গিয়েছিলেন চিত্রনায়িকা শাবানার বাসায়।
শাবানার বাসায় কিংবদন্তীর সাথে কি নিয়ে আলাপ হলো জানতে চাইলে মিশা সওদাগর বলেন, ‘শাবানা আমার বড় বোন। বড় বোনতে দেখতে গিয়েছিলাম। আশীর্বাদ চাওয়াটাই সবচেয়ে বড় বিষয় ছিল। তবে তিনি তাকে নিয়ে লেখা ইত্তেফাক পত্রিকাটি চাইলেন। এছাড়া বর্তমান চলচ্চিত্র, নতুন ছবির বাজার এসব নিয়ে অনেক কথা হলো। বরাবরই খুব প্রাণখোলা একজন প্রকৃত ভালো মানুষ তিনি। তিনি আমাকে আশীর্বাদ করলেন। দারুণ এক সন্ধ্যা কাটালাম তার সাথে। তিনি একবার হলেও শিল্পী সমিতির অফিস ঘুরে যাবেন বলে কথা দিয়েছেন।’





