গতবারের মতো এবারেও আলোচনা সমালোচনায় জর্জরিত সুন্দরী খোঁজার প্লাটফর্ম ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ এর গ্র্যান্ড ফাইনাল। অনলাইন অফলাইন দুই মাধ্যমে এখন ভাইরাল অনুষ্ঠানটির গ্র্যান্ড ফাইনালের বেশ কয়েকটি বিষয়। বিশেষ করে প্রতিযোগীদের ভুল-ভ্রান্তিই এই আসরকে আলোচনায় নিয়ে আসে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
গ্র্যান্ড ফাইনালে আসা একজন প্রতিযোগী ছিলেন সুমনা নাথ অনন্যা। তবে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার আগেই শোবিজে পথ চলা শুরু হয়েছে তার। বেশ কয়েকটি টেলিভিশন নাটকে অভিনয় করেছেন তিনি। অভিনেতা ডিএ তায়েবের সঙ্গে ’ডিবি’ নামের একটি ধারাবাহিক নাটকে কয়েকটি পর্বতেও অভিনয় করেছেন সুমনা।
সুন্দরী প্রতিযোগিতার আসরে বিচারক খালেদ হোসেন সুজন অনন্যাকে প্রশ্ন করেন ‘ H2O মানে কী?’ অনন্যা প্রশ্নের অর্থ ধরতে পারছিলেন না। উত্তরে বলেন, H2O নামে রেস্টুরেন্ট আছে, ধানমন্ডিতে।
বিষয়টি নিয়ে সোমবার সোশ্যাল মিডিয়ায় জলঘোলা কম হয়নি। কিন্তু এই ঘোলাজল যেন আরেকটু ঘোলা করে দিলেন অনন্যা। মঙ্গলবার অনন্যাকে ধানমন্ডিতে সেই রেস্টুরেন্ট আমন্ত্রণ জানায়। তাদের আমন্ত্রণে সাড়া দেন এই প্রতিযোগী। সেখানে গিয়ে তাদের আমন্ত্রণ রক্ষা করেন। রেস্টুরেন্টে বেশকিছু ছবি তোলেন এবং নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করেছেন তিনি।
ভাইরাল হওয়া প্রশ্ন ও উত্তর নিয়ে অনন্যা বলেন, ‘আসলে প্রশ্নটা বুঝতে আমার সময় লেগেছে। আমি ভেবেছি স্যার হয়তো ফান করেছেন। তিনি যদি বলতেন H2O কিসের সংকেত তাহলে আমার ব্রেইন সেদিকে মুভ করতো। কিন্তু তিনি মানে জানতে চেয়েছেন, যেটার কারণে আমি বিভ্রান্ত হয়েছি।’
তবে অনন্যার এমন কাণ্ডে হতবাক নেটিজনরা। অনেকেই বলছেন যেখানে অনুতাপ থাকা উচিৎ, সেখানে বিষয়টি নিয়ে মজা করছেন তিনি। তার এই বিষয়টিকে হালকা ভাবে নেওয়া উচিত নয়।
এসব নিয়ে মাথা ঘামাচ্ছেন না অনন্যা। তিনি সোমবার ফেসবুকে লিখেছেন, যার যেমন ইচ্ছে নিতে পারেন। কেউ নেগেটিভলি নিলেও নিতে পারেন, পজেটিভলি নিলেও নিতে পারেন।




