বিয়ের পিঁড়িতে বসেছেন মোশাররফ করিম। এটি পুরনো খবর। তবে আবারও বিয়ে করেছেন তিনি। এ খবরটা একেবারেই নতুন। সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে দীর্ঘদিন ধরে এ অভিনেতার বসবাস। সেখান থেকে দেশে ফিরে বিয়ে করেছেন তিনি। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
নতুন বৌকে নিয়ে হানিমুনে দুবাই যাবেন। সেখানেই তার স্থায়ী হওয়ার ইচ্ছা। এসব কিছু ঘটেছে মোশাররফ করিম অভিনীত ‘বিবাহ হবে’ নামে নতুন একটি ধারাবাহিক নাটকে।
এ নাটকটি রচনা ও পরিচালনা করেছেন রওনক হাসান। এ নাটকের মাধ্যমে প্রথমবার ধারাবাহিক নাটক পরিচালনার খাতায় নাম লেখালেন রওনক হাসান। এরই মধ্যে রাজধানীর অদূরে ভাওয়ালে নাটকের প্রথম লটের শুটিং শেষ হয়েছে।
নাটকে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেছেন অপর্ণা ঘোষ। এতে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘নাটকের গল্প আমার ভালো লেগেছে। গতানুগতিক কোনো গল্প নয়। ভিন্ন একটি চরিত্রে অভিনয় করেছি।’
এতে আরও অভিনয় করছেন বড়দা মিঠু, আহসান হাবিব নাসিম, নাদিয়া, সুজাত শিমুল, জুঁই করিম প্রমুখ। নাটকটি শিগগিরই দেশের একটি বেসরকারি টেলিভিশনে প্রচার করা হবে বলে পরিচালক জানান।





