সারাদেশে শিক্ষার্থীদের নিরাপদ সড়কের দাবিতে চলমান আন্দোলন নিয়ে রাজধানীর স্কুল কলেজের শিক্ষকদের সাথে জরুরি বৈঠক করতে যাচ্ছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আজ রবিবার বিকালে সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এই বৈঠক অনুষ্ঠিত হবে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

জানা গেছে, বিকাল ৩ টায় অনুষ্ঠিতব্য বৈঠকে ঢাকার সব সরকারি ও বেসরকারি কলেজের অধ্যক্ষ এবং উপাধ্যক্ষদের সঙ্গে মতবিনিময় করবেন শিক্ষামন্ত্রী। বৈঠকে ছাত্র আন্দোলন নিয়ে শিক্ষকদের সঙ্গে আলোচনা করবেন তিনি। এ সময় মন্ত্রণালয় ও অধিদপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

একই স্থানে একই বিষয়ে বিকাল ৫ টায় ঢাকা মহানগরীর সব সরকারি ও বেসরকারি স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করবেন নুরুল ইসলাম নাহিদ। জরুরি এই বৈঠকে সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

উল্লেখ্য, ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের বাসের চাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হন। এ ছাড়া আহত হন বেশ কয়েকজন।নিহতরা হলেন- শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী দিয়া খানম মীম ও দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম রাজীব।

এ ঘটনার প্রতিবাদে রাস্তায় বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। এর পর থেকে ঢাকার অভ্যন্তরীণ সড়কগুলোয় বাস চলাচল একেবারেই কমে যায়। এমনকি আন্তঃজেলা বাস চলাচলও বন্ধ হয়ে যায়।

নিরাপদ সড়ক সহ আন্দোলনরত শিক্ষার্থীরা নয়টি দাবি করেছেন। তাদের সব দাবি মেনে নেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ অবস্থার মধ্যেই গতকাল রাজধানীর ধানমণ্ডির আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে হামলা করা হয় বলে বিকালে এক সংবাদ সম্মেলনে দাবি করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।