ধর্ষণ ও প্রতারণার মামলায় দুই বাংলার জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীর ছেলে মহাক্ষয় চক্রবর্তী মিমোর জামিন আবেদন খারিজ করে দিয়েছেন বোম্বে হাইকোর্ট। এর ফলে যেকোনো সময় এমনকি বিয়ের দিনেও গ্রেপ্তার হতে পারেন মিমো ও তার মা যোগিতা বালি। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
জানা গেছে, পরিচালক ও প্রযোজক সুভাষ শর্মার মেয়ে তেলেগু অভিনেত্রী মাদালসা শর্মার সঙ্গে আজ শনিবার বিয়ের কথা রয়েছে মিমোর। এদিন উটির এক হোটেলে মিমো ও মাদালসার বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।
ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম জিনিউজের খবরে বলা হয়েছে, দিল্লির রোহিণী আদালতের নির্দেশ মেনেই মিমোর বিরুদ্ধে ধর্ষণ, প্রতারণার মামলা রুজু করেন এক নারী। প্রতারণার মামলা রুজু হয় মিঠুন চক্রবর্তীর স্ত্রী যোগিতা বালির বিরুদ্ধেও। এর পরেই বোম্বে হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন তারা। তবে তাদের সেই আর্জি খারিজ করে দিয়েছেন বোম্বে হাইকোর্ট।
তবে তারা দিল্লি আদালতে আগাম জামিনের আবেদন করতে পারেন বলে জানিয়েছেন বোম্বে হাইকোর্টের বিচারপতি অজয় গডকড়ী।
এদিকে অভিযোগকারিণীর আইনজীবী রবি সোনি এএনআইকে জানিয়েছেন, ‘আমার মক্কেলকে মিমো গত ৪ বছর ধরে চেনেন। তিনি তার ওপর যৌন নির্যাতন করেছেন এবং তার সঙ্গে প্রতারণা করেছেন। তার পানীয়তে ঘুমের ওষুধ মিশিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে।’
ওই আইনজীবী আরও বলেন, ‘মিমো আমার মক্কেলকে বিয়ের প্রতিশ্রুতিও দিয়ে এসেছিলেন। এমনকি বিয়ের জন্য মিমোর সঙ্গে আমার মক্কেলের ঠিকুজি কুষ্ঠিও মেলানো হয়। তবে পরে আমার মক্কেলকে বিয়ে করতে পুরোপুরি অস্বীকার করেন মিমো। তিনি সন্তানসম্ভবা হয়ে পড়লে তাকে জোর করে গর্ভপাত করান মিমো ও তার মা যোগিতা বালি।’
‘যদিও এর পরেও আমার মক্কেল মিমোকে বিয়ে করতে প্রস্তুত ছিল। কিন্তু চক্রবর্তী পরিবার তাকে গ্রহণ করতে রাজি হয়নি। যাই হোক আগামী দু-একদিনের মধ্যেই মিমোকে গ্রেপ্তার করা হতে পারে’, বলেন রবি সোনি।





