ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা আবারও মামলার জটিলতায় পড়তে যাচ্ছেন।এ সেলিব্রেটি দম্পতির বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন বলিউডের একসময়ের শিশু শিল্পী হিসেবে পরিচিত আরহান সিং। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

জানা গেছে, একটি ভিডিওর ভিত্তিতে তাদেরকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। কিছুদিন আগে, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছিলেন কোহলি। ভিডিওর ক্যাপশনে লেখা ছিলো, ‘দেখুন তারা কীভাবে রাস্তায় আবর্জনা ফেলছেন। গাড়িতে বসলেই তারা ভুলে যায় সব। এদের শাস্তি দেওয়া উচিত। আপনাদের সামনেও এমন কিছু ঘটলে আপনারাও একই কাজ করবেন।’ আর সেই ভিডিও নিয়েই আইনি নোটিশ পেলেন তারা।

মূলত, ঘটনার দিন গাড়িতে করে যাচ্ছিলেন বলিউড অভিনেত্রী আনুশকা। এসময় তিনি দেখতে পান তার পাশের গাড়ি থেকে এক ব্যক্তি প্লাস্টিক ছুড়ে রাস্তায় ফেলছেন। তা দেখে এক মুহূর্ত দেরি না করে তিনি নিজের গাড়ির গ্লাস নামিয়ে পাশে গাড়িতে বসে থাকা লোককে বকাঝকা দেন। আর যাকে তিনি বকা দিচ্ছিলেন তিনিই আরহান সিং। আর ওই সময়ের পুরো দৃশ্য নিজের মোবাইল ফোনে ভিডিও করেন কোহলি। পরে সেই ভিডিও আপলোড করে দেন।

আর ওই ভিডিও প্রকাশে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হয়েছেন বলে দাবি করেছেন আরহান সিং। তাই আইনজীবীর মাধ্যমে আনুশকা ও কোহলির বিরুদ্ধে তিনি আইনি নোটিশ পাঠিয়েছেন। এ ব্যাপারে বিরাট কিংবা আনুশকার কোনো বক্তব্য জানা যায়নি। তবে আরহান সিং বলেছেন, ‘আমার আইনজীবী আইনি নোটিশ পাঠিয়েছেন। আমরা এখন তাদের জবাবের জন্য অপেক্ষা করছি।’