টলিউড সুপারস্টার দেব এবং রুক্মিনী’র প্রেমের খবর অনেকেরই জানা। কবির সিনেমায় জুটি বাঁধার পর থেকেই এ জুটির প্রেমের গুঞ্জন দানা বাঁধতে শুরু করে। খবর উঠেছিল একসঙ্গে ছাঁদনাতলায়ও বসবেন তারা!
শোবিজ জগতের অধিকাংশ গুঞ্জনই বিফলে যায় না। এবারও তার ব্যতিক্রম হয় নি। শোনা যাচ্ছে শুধু প্রেম নয়, এরই মধ্যে রুক্মিনী’র সঙ্গে গোপনে বাগদান সেরে ফেলেছেন দেব। এমনটা নিজ মুখে স্বীকার করেছেন রুক্মিনী।
বিষয়টি নিয়ে কলকাতার একটি গণমাধ্যম জানায়, পরিচালক শাশ্বত চট্টোপাধ্যায় তার নতুন ছবির জন্য দেবের সঙ্গে স্ক্রিপ্ট নিয়ে মিটিং করছিলেন। সেখানে হুট করেই হাজির হন রুক্মিনী। এরপর শাশ্বত চট্টোপাধ্যায় রুক্মিনীকে প্রশ্ন করেন, ছবিতে দেবের সঙ্গে না থাকার পরেও কেন এসেছেন স্ক্রিপ্ট মিটিংয়ে? পাল্টা জবাবে ‘চ্যাম্প’ ছবির এই নায়িকা উত্তর দেন, শাশ্বত কেন তার মুভি প্রিমিয়ারে বউকে নিয়ে যান! সঙ্গে রুক্মিনী আরও জানিয়ে দেন, তিনি দেবের বাগদত্তা।
তার মানে রুক্মিনী’র বাঁ হাতের অনামিকায় ‘এনগেজমেন্ট আংটি’ নিয়ে যে জল্পনা ছিল, সেই জট এবার খুলে গেল। রুক্মিনীর কথায় স্পষ্ট যে বেশ আগেই তারা গোপনে বাগদান সেরে ফেলেছেন। বাকি আছে শুধু সানাই বাজিয়ে রুক্মিনীকে নিয়ে সাতপাকে ঘুরে সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয়া।
টলিউড সূত্রে জানা গেছে, ক্যারিয়ার ঠিক রাখতেই এতদিন বাগদানের খবর গোপন রেখেছিলেন দেব-রুক্মিনী। হঠাৎ যেহেতু বিষয়টি আলোচনায় এসেছে, তাই সিদ্ধান্ত নিচ্ছেন, খুব শিগগিরই ঘটা করেই বিয়ে করবেন। তবে কোনদিন একে-অপরের গলায় মালা পরিয়ে দেবেন সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।





