বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন সাকিব আল হাসান। বিশ্বসেরা এই অলরাউন্ডারকে নিয়ে ইতোমধ্যেই লেখা হয়েছে বই। ২০১৫ সালে ক্রীড়া সাংবাদিক ও লেখক দেবব্রত মুখোপাধ্যায় লিখেছিলেন ‘আপন চোখে, ভিন্ন চোখে’।
চলতি বছর সেই সাকিব নিজেই লিখেছেন বই। তবে বইটি ক্রিকেট কিংবা নিজেকে নিয়ে নয়। বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার লিখেছেন শিশুতোষ গল্পের বই। বইয়ের নাম ‘হালুম’। বইটি প্রকাশ হয় এ বছরের অমর একুশে গ্রন্থমেলায়। শিশুদের নিয়ে লেখা বইটি বেশ সাড়া ফেলেছিল তখন।
শিশুদের জন্য খেলা সেই বইটি সম্প্রতি পড়া শুরু করে তাহসান খান-রাফিয়াথ রশিদ মিথিলার মেয়ে আয়রা তাহরিম খান। বই পড়া শেষে সাকিবকে ধন্যবাদ জানাতে ভোলেনি আয়রা। ধন্যবাদটুকু অবশ্য পৌঁছে দিয়েছেন আয়রার বাবা তাহসান, সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামের কল্যাণে।
১৫ মে, মঙ্গলবার ইনস্টাগ্রামে মেয়ে আয়রার একটি ছবি পোস্ট করেন তাহসান। ছবিটিতে দেখা যায়, সাকিব আল হাসানের লেখা ‘হালুম’ বইটি খুলে রেখেছে আয়রা। বইয়ের প্রথম পাতায় সাকিবের শুভ কামনা বার্তা লেখা। ছবির ক্যাপশনে লেখা ছিল, ‘ধন্যবাদ সাকিব আঙ্কেল…আয়রা।’





