একসময় ঢাকাই ছবির সবচেয়ে ব্যস্ত নায়িকা ছিলেন অপু বিশ্বাস। সুপারস্টার শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে একের পর এক ছবি উপহার দেন তিনি। গোটা ক্যারিয়ারে শাকিব খানের সঙ্গেই সিংহভাগ ছবি করে আকাশছোঁয়া সাফল্য পান এই অভিনেত্রী। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
একসঙ্গে একাধিক ছবিতে অভিনয় করার সুবাদে একে অপরকে ভালোবেসে বিয়েও করেন অপু। ২০০৮ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। এরপর ক্যারিয়ারের খাতিরে সেটা প্রকাশ্যে আনেননি এই দম্পতি। গত বছরের মাঝামাঝি সময়ে একটি টেলিভিশন সাক্ষাৎকারে এসে বিয়ে ও এক সন্তান আব্রাম খান জয়ের কথা প্রকাশ করেন অপু।
এরপর থেকেই শাকিব-অপুর সম্পর্কে শুরু হয় দূরত্ব। শাকিবের পক্ষে সিদ্ধান্ত আসে ডিভোর্সের। পরে কিছু দিন আগেই বিচ্ছেদ ঘটে তাদের সম্পর্কের।এদিকে, শাকিবের সঙ্গে দূরত্ব, ভালো যাচ্ছে না অপুর ক্যারিয়ার। হারিয়ে ফেলেছেন নিজের উজ্জ্বলতা। হাতে নেই তেমন কোনো ছবির কাজও। কিছু দিন আগে দুটি ছবিতে চুক্তিবদ্ধ হলেও সেগুলোর কাজও শুরু হয়নি এখনো। কবে নাগাদ শুরু হবে, সেটাও নিশ্চিত নয়। ফলে চলচ্চিত্রে বেকার সময় কাটছে অপুর।।
এত কিছুর পরেও অবসরে নেই এই তারকা। সিনেমার কাজ না থাকলেও নিয়মিত তিনি বিভিন্ন স্টেজ শো’তে অংশ নিচ্ছেন। গত দু’তিন মাসে ঢাকা ও ঢাকার বাইরে বেশ কিছু অনুষ্ঠানে অংশ নেন অপু।
এর মধ্যে মডেল-অভিনেত্রী সুজানার ‘ফ্যাশন হাউজ’ এর উদ্বোধন, লিঙ্কআস-এর যাত্রা’, ‘সেরা আমি সঙ্গে মা সিজন-৪-এর গ্র্যান্ড ফিনালেতে নাচ’, নরসিংদীর ড্রিম হলিডে পার্কে ‘শিল্পী সমিতির কনসার্টে নাচ’, জাতীয় ‘পাট দিবসে নাচ’ ও জয়পুরহাটের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’য় অংশ গ্রহণ প্রভৃতি অন্যতম।
প্রায় ১৬ হাজার জামাইকে বরণ করে নেয়ার সেই অনুষ্ঠানে অপুর নাচ পরিবেশনাও ছিলো নজরে পড়ার মত। এমনকি সেখানকার স্থানীয় চেয়ারম্যানের সঙ্গেও কোমর দুলিয়েছেন এই নায়িকা। এরই মধ্যে সেই নাচের ভিডিও নিয়ে চারদিকে আলোচনা-সমালোচনা হচ্ছে। নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে এটি।
বর্তমানে, অপু বিশ্বাসের হাতে রয়েছে ‘কানাগলি’ ও ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছবি দুটির কাজ। ছবিগুলোর ঘোষণা আসার সময় শোনা গিয়েছিলো মার্চ-এপ্রিলে শুটিং শুরু হবে। কিন্তু সময় পার হয়ে গেলেও ছবিগুলোর কাজের কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না।
এমনকি আলোচনার টেবিলেও নেই ছবিগুলো। তবুও অপুর ভক্তরা আশায় আছেন, শিগগির হয়ত তাদের প্রিয় নায়িকা নতুনভাবে ফিরে আসবেন, আবারো রূপালি পর্দায় উষ্ণতা ছড়াবেন।





