ঢাকাই শোবিজের অন্যতম ব্যস্ত তারকা এখন অপু বিশ্বাস। ব্যস্ততা তার আগেও ছিল। তবে এখনকার ব্যস্ততার ধরনটা একটু ভিন্ন। আগে সিনেমার শুটিং আর ডাবিং নিয়েই সময় কাটত এ নায়িকার। এখন সিনেমার ব্যস্ততা কম। নিয়মিত স্টেজ শো, বিভিন্ন প্রতিষ্ঠানের শো’রুম উদ্বোধন ও টিভি চ্যানেলে নাচের পারফর্ম- ইত্যাদি নিয়েই সময় কাটাচ্ছেন তিনি। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

তবে দর্শকদের জন্য নতুন খবর নিয়ে হাজির হচ্ছেন ঢাকাই ছবির জনপ্রিয় এই অভিনেত্রী। আগামী রোজার ঈদে মুক্তির তালিকায় রয়েছে তার অভিনীত ‘পাঙ্কু জামাই’ শিরোনামের একটি ছবি। এ ছবিতে তিনি শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন। 

ছবিটি প্রসঙ্গে অপু জানান, ‘নানা কারণে এর শুটিং শেষ করতে দেরি হয়। তবে আমার বিশ্বাস, দর্শক এটি দেখে পছন্দ করবেন। অনেক দিন ধরেই তো বড় পর্দায় নেই। তাই ছবিটি নিয়ে অন্যরকম অনুভূতি কাজ করছে।’

‘পাঙ্কু জামাই’ রোজার ঈদে মুক্তি পাবে বলে নিশ্চিত করেছেন এ ছবির নির্মাতা আবদুল মান্নান। তিনি বলেন, “ছবির কাজ শেষ করতে প্রায় তিন বছরের মতো সময় লেগেছে। তবে এত সময় লেগেছে শাকিব খান ও অপু বিশ্বাসের মাঝে মনোমালিন্যের জন্য। 

তারপরও ক্ষোভ নেই। আমার প্রযোজক এরইমধ্যে প্রেক্ষাগৃহ মালিকদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। আশা করছি, আসছে ঈদে ছবিটি মুক্তি দিতে পারব।”