সালমানের জামিন নিয়ে – বৃহস্পতিবারই তাঁকে পাঁচ বছরের কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানা করেছিলেন জোধপুরের প্রধান জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।সালমানের হাজতবাস দীর্ঘায়িত হলো। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় অভিনেতা সালমান খানের জামিনের আবেদনের শুনানি শুরু হলেও রায় দিল না আদালত। শনিবার রায় দেবে জোধপুর দায়রা আদালত। এর ফলে আরও চব্বিশ ঘণ্টা জেলেই কাটাতে হবে মহাতারকাকে।

বৃহস্পতিবারই তাঁকে পাঁচ বছরের কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানা করেছিলেন জোধপুরের প্রধান জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। সেই রায়ের বিরুদ্ধেই শুক্রবার দায়রা আদালতে জামিনের আবেদন করেছিলেন সালমানের আইনজীবীরা।

কিন্তু জামিনের বিরোধিতা করেন সরকারি আইনজীবী। এরই পরিপ্রেক্ষিতে এই মামলায় পুরনো রেকর্ড তলব করেন বিচারক। একই সঙ্গে তিনি জানিয়ে দেন, শুনানির রায় দেবেন শনিবার।
শনিবার যদি কোনও কারণে সালমানের জামিন খারিজ করে দায়রা আদালত, সেক্ষেত্রে সোমবারের আগে হাইকোর্টে জামিনের আবেদন করতে পারবেন না তাঁর আইনজীবীরা। ফলে, ভাইজানের দুশ্চিন্তা আরও বেড়ে গেল।

এ দিন জামিনের শুনানির শুরুতেই সালমানের আইনজীবীরা দাবি করেন, যে সাক্ষীদের জবানবন্দির উপরে ভিত্তি করে সালমানের শাস্তি দেওয়া হয়েছে, তাঁরা নির্ভরযোগ্য নন। শুধু তাই নয়, বিরুদ্ধে আগেই অস্ত্র আইনে রুজু করা মামলা খারিজ করেছিল হাইকোর্ট।

সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সালমানের জামিনের জন্য ৫৪টি যুক্তি দিয়ে মোট ৫১ পাতার জামিনের আবেদন আদালতে জমা দিয়েছিলেন তাঁর আইনজীবীরা। এতকিছুর পরেও অবশ্য সালমানকে আজকের দিনটি জেলেই কাটাতে হচ্ছে।