পরীক্ষা নিয়ে চাপা উদ্বেগ ছিল, শঙ্কা ছিল। কী জানি কী হয়! যদি আগের মতো ফাঁস হয় প্রশ্নপত্র! তবে সব শঙ্কা উড়িয়ে দিয়ে খুশির খবর বয়ে এনেছে সোমবার (১ এপ্রিল) শুরু হওয়া এইচএসসি পরীক্ষা। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

নির্বিঘ্নেই শেষ হয়েছে বাংলা প্রথম পত্রের পরীক্ষা। কোথাও প্রশ্নপত্র ফাঁসের খবর আসেনি। এতে সন্তোষ প্রকাশ করেছেন পরীক্ষার্থী-অভিভাবকরা। ঠিকমতো দায়িত্ব পালন করতে পেরে খুশি প্রশাসনের কর্মকর্তারা।

তারা বলছেন, পরীক্ষা ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা ছিল। দেখলাম প্রশ্নপত্র ফাঁস হয়নি। কাউকে বলতেও শুনিনি। আমরা সন্তুষ্ট।

সোমবার পরীক্ষার কেন্দ্র থেকে বের হওয়ার পর বেশ কয়েকজন পরীক্ষার্থী ও অভিভাবক সাংবাদিকদের কাছে এভাবেই তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

আজকের মতো আগামীর পরীক্ষাগুলোও যাতে ভালোমতো শেষ হয় সে আশা তাদের।

করেন তারা। সরকার এর আগে প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ব্যর্থ হলেও এবার তা সফল হয়েছে। এ জন্য সরকার ও শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানান তারা।

মতিঝিল মডেল কলেজ থেকে পরীক্ষা দিচ্ছেন সানজিনা আফরিন। কেন্দ্র থেকে বেরিয়ে তিনি বলেন, ‘পরীক্ষা খুব ভালো হয়েছে। হলরুমে খুব কড়াকড়ি ছিল। কোনো ঝামেলা হয়নি।’

খিলগাঁও ন্যাশনাল আইডিয়াল থেকে পরীক্ষা দিতে এসেছেন শিমু তালুকদার। তিনি বলেন, ‘বাবা-মা অনৈতিক শিক্ষা দেন নাই। ফাঁস হওয়া প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা দেওয়ার কথা কোনোদিন চিন্তাও করতে পারি না। পড়াশোনা করেই পরীক্ষা দিয়েছি। পরীক্ষা ভালো হয়েছে।’

শিমুর বাবা বলেন, ‘যেসব অভিভাবক প্রশ্ন কেনেন তারা নিজের সন্তানকেই শুধু ধ্বংস করছে না, তারা দেশটাকেও ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন। প্রশ্ন ফাঁস নকলের চেয়ে ভয়াবহ। এটা পারমাণবিক বোমার মতো।’

মতিঝিল আইডিয়াল কলেজের পরীক্ষার্থী সাদমান সাকিব বলেন, ‘আজ প্রশ্নপত্র ফাঁস হয়নি। এতে আমরা অনেক খুশি। ভবিষ্যতে যাতে এরকম না হয় আমরা সেটাই আশা করি।’

সাকিবের বাবা ইমতিয়াজ কানন বলেন, ‘মিডিয়া, পুলিশ, গোয়েন্দা সংস্থা, শিক্ষা মন্ত্রণালয়, বোর্ড ও প্রশাসনের সর্বোচ্চ সতর্কতায় প্রশ্নপত্র ফাঁস ঠেকানো সম্ভব হয়েছে বলে মনে করি। এটি বহাল থাকে যেন সরকারের কাছে সেই প্রত্যাশা করি।’

প্রশ্নপত্র ফাঁস রোধে কাজ করা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার গোলাম সাকলায়েন শিথিল বলেন, ‘গত কয়েকদিন থেকে মাঠে কাজ করা হয়েছে প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে। আমাদের উদ্যোগ সফল হয়েছে।’

বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া প্রশ্নপত্র ফাঁসকারীদের বিষয়ে তিনি বলেন, ‘তাদের আইনের আওতায় আনা হবে।’

প্রশ্নপত্র ফাঁস রোধে শিক্ষা মন্ত্রণালয় গঠিত কমিটির সদস্য ও ডিএমপির যুগ্ম কমিশনার শেখ নাজমুল আলম সারাবাংলাকে বলেন, ‘প্রশ্নপত্র ফাঁস হয়নি এ কৃতিত্ব সকলের। তবে আমরা তৎপর থাকায় যারা এ কাজ করত তারা সতর্ক হয়েছে। অনেকেই আছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া প্রশ্নপত্র ফাঁস করে বিভ্রান্তির সৃষ্টি করে। যে কোনো সময় তাদের আটক করা হবে।’