বড় কোন চমক না আসলে চলতি মাসেই আনুষ্ঠানিক বিচ্ছেদ হচ্ছে শাকিব-অপুর । এরই মধ্যে অপু বিচ্ছেদের সিদ্ধান্ত মেনেও নিয়েছেন । এই বিচ্ছেদ গল্পের মাঝেই নতুন খবর দিলেন শাকিব খান ।

ঢাকাইয়া সিনেমার কিং শাকিব খান দেশের গন্ডি পেরিয়ে ইতোমধ্যে কলকাতাতেও তুমুল জনপ্রিয় হয়ে উঠছেন। বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজিত চলচ্চিত্র ‘শিকারি’ ছবি দিয়ে পশ্চিম বাংলায় পদচারণা শুরু হয় তার। এরপর ‘নবাব’ ছবি দিয়ে আরও জনপ্রিয় হন তিনি। মাঝখানে ‘সত্তা’ ছবিও দুই দেশেই সমান জনপ্রিয়তা পায়।

বর্তমানে শাকিবের হাতে কয়েকটি ছবির কাজ রয়েছে। অভিনয় করছেন ‘চালবাজ’, ‘ভাইজান এলো রে’, ‘মাস্ক’সহ একের পর এক যৌথ প্রযোজনার ছবিতে। ফলে বছরের বেশির ভাগ সময় ভারতের কলকাতাতেই থাকতে হচ্ছে তাকে। এছাড়া দেশীয় প্রযোজনা প্রতিষ্ঠানের ‘বয়ফ্রেন্ড’ ‘যুবরাজ’ ‘ক্যাপ্টেন খান’সহ বেশ কিছু ছবির শুটিংয়ের জন্য ভারতেই অবস্থান করতে হবে তাকে।

ফলে চলতি বছরেরও বেশির ভাগ সময় তিনি কাটাবেন ভারতে। তাই কলকাতায় একটি ফ্ল্যাট কিনবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন শাকিব খান। এরই মধ্যে সেখানকার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজের কর্ণধার অশোক ধানুকাকে ফ্ল্যাট দেখার দায়িত্বও দেয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে শাকিব খান বলেন, এখন বেশির ভাগ সময় কলকাতাতেই থাকতে হচ্ছে। নিজের ফ্ল্যাট না থাকায় হোটেলে উঠতে হয়। এছাড়া, খরচও অনেক বেড়ে যায়। তাই ফ্ল্যাট কেনার সিদ্ধান্ত নিয়েছি।