মুক্তি পেলো তরুণ নির্মাতা রাশেদ রাহা পরিচালিত শাকিব-ববি অভিনীত ‘নোলক’ সিনেমার পঞ্চম লুক। ৪ মার্চ প্রথম প্রহরে লুকটি প্রকাশ করা হয়। সেখানে শাকিবকে মারদাঙ্গা ভূমিকায় দেখা যাচ্ছে। এদিকে লুকটি মুক্তি পাওয়ার পর পরই অনলাইন দুনিয়ায় ঝড় উঠেছে।
এর আগে চারটি লুক প্রকাশিত হলেও এবারের লুকটি সম্পূর্ণ ভিন্ন। এবার শাকিব রহস্যের ইঙ্গিত দিলেন। আর এ রহস্যের সমাধন তখনই সম্ভব যখন মুভিটি দেখবেন। ছবিতে সম্পর্ক আছে, প্রেম আছে, এ্যাকশন না থাকলে হয়? আর তাই এবার অ্যাকশন হিরো হয়ে ভক্তদের মাঝে হাজির হলেন শাকিব।
গত ৪ ফেব্রুয়ারি ‘নোলক ছবির সর্বশেষ লুক প্রকাশ পেয়েছিলো। ‘নোলক’ ছবির চতুর্থ লুকে বাহারী শাড়ি আর চশমায় লাস্যময়ী ঢংয়ের ববিকে পেছন দিকে ডাক দেওয়া চকমকে শার্টে ঝকমকে মটরসাইকেলে চড়া ছিলেন শাকিব খান। ১৩ ডিসেম্বর দ্বিতীয় এবং ৩১ ডিসেম্বর ‘নোলক’ চলচ্চিত্রের তৃতীয় লুক প্রকাশ পায় ছবিটির অফিসিয়াল ফেসবুক পেইজে।
এর আগে ছবির শুটিং শুরুর ছয় দিনের মাথায় গত ৭ ডিসেম্বর প্রকাশ পায় ছবির ফার্স্ট লুক। যেখানে হেডলাইট জ্বালানো বাইকে স্টাইলিশ ভঙ্গিতে বুড়ো আঙ্গুল তুলে রঙ্গিন চশমা পড়া শাকিব খান একাই ছিলেন। বিগত বছরের ১ ডিসেম্বর থেকে হায়দরাবাদের রামুজি ফিল্ম সিটিতে ছবিটির শুটিং শুরু হয়। বর্তমানে ছবির শুটিংয়ের প্রায় ৮০ ভাগ শেষ হয়েছে। মাসের শেষ দিকে বাকী কাজের শুটিং হবে বলে এবং এপ্রিলে ছবিটির টিজার প্রকাশ পাবে বলে জানান সনেট।
চলচ্চিত্রটিতে বাইক রেসের দৃশ্য আছে। বি হ্যাপি এন্টারটেইনমেন্ট এর প্রযোজনায় চলচ্চিত্রটির জন্য ৫০ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়েছেন শাকিব খান। ছবিটির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ ফেরারী ফরহাদের। শাকিব-ববি ছাড়াও এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, নিমা রহমান, মৌসুমী, ওমর সানী, শহীদুল আলম সাচ্চু, রেবেকা, রজতাভ দত্তসহ আরো অনেকে।





