শনিবার রাতে দুবাইয়ের হোটেলে হৃদরোগে আক্রান্ত হয়েই শ্রীদেবীর মৃত্যু হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গিয়েছিল। অবশেষে হাতে এল মৃত্যুর ফরেন্সিক রিপোর্ট, যাতে কিছু নতুন তথ্য উঠে এসেছে।
খালিজ টাইমস-এর প্রতিবেদনে জানা যায়, দুবাইতে ময়নাতদন্ত করার পরে ফরেন্সিক রিপোর্টে স্পষ্ট জানানো হয়েছে, হোটেলের বাথটাবে দুর্ঘটনাবশত জলে ডুবেই মৃত্যু হয়েছে শ্রীদেবীর। প্রথমে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর বাথটাবে আটকে যান শ্রীদেবী। এছাড়াও ফরেন্সিক রিপোর্টে দেখা যায়, শ্রীদেবীর রক্তে নাকি অ্যালকোহলের মাত্রাও মিলেছে।
যদিও ফরেন্সিক বিশেষজ্ঞরা জানিয়েছেন, বাথটাবে আটকে গেলেও এর পিছনে কোনও অসৎ বা খুনের উদ্দেশ্য ছিল না। পুরোটাই দুর্ঘটনা বলে জানিয়েছেন তারা।
প্রথমে মৃত্যুর কারণ হিসেবে কার্ডিয়াক অ্যারেস্টের কথা বলা হলেও, পুলিশের শীর্ষ আধিকারিকদের নিয়ে তদন্ত শুরু হয়েছিল দুবাইতে। ফরেন্সিক রিপোর্টের নথিপত্র হাতে পাওয়ার পরই মুম্বাইয়ে আনা হচ্ছে শ্রীদেবীর মরদেহ। প্রসঙ্গত, শ্রীদেবীর পরিবারও জানিয়েছিল, কোনও দিনই হার্টের কোনও সমস্যা ছিল না তার।





