রহস্য যেন ক্রমেই ঘোলা হচ্ছে। শ্রীদেবীর মৃত্যুতে এবারে সামনে উঠে এল নতুন তথ্য। ভারতের এক ইংরেজি নিউজ চ্যানেলের খবর অনুযায়ী, মৃত্যুর আগে আটচল্লিশ ঘণ্টা হোটেলের ঘর ছেড়ে বেরননি শ্রীদেবী।

ওই নিউজ চ্যানেলের দাবি অনুযায়ী, দুবাইতে আত্মীয়ের বিয়েতে গেলেও দু’দিনের জন্য মুম্বাইতে ফিরেছিলেন শ্রীদেবীর স্বামী বনি কপূর। কিন্তু দুবাইতেই থেকে যান অভিনেত্রী। শনিবার রাতে শ্রীদেবীর একটি নৈশভোজের নিমন্ত্রণ ছিল। কিন্তু সেখানেও তিনি যাননি। শনিবার রাতেই হোটেল থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। জানা গিয়েছে, হোটেলের টয়লেটে গিয়েই হৃদরোগে আক্রান্ত হন অভিনেত্রী। সেখানেই সংজ্ঞাহীন অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়।

এই তথ্য সত্যি হলে প্রশ্ন উঠছে, মৃত্যুর আগের আটচল্লিশ ঘণ্টা কেন হোটেলের ঘর ছেড়ে বেরোলেন না শ্রীদেবী? তবে কি অসুস্থ বোধ করছিলেন তিনি? বনি কাপূরের ভাই অভিনেতা সঞ্জয় কাপূর অবশ্য দাবি করেছেন, হৃদরোগজনিত কোনও সমস্যাই ছিল না শ্রীদেবীর। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময়েই অভিনেত্রীর মৃত্যু হয় বলে বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে।

এ দিকে মৃত্যুর পরে দুবাইতেই শ্রীদেবীর দেহের ময়নাতদন্ত করা হয়। তাঁর দেহ আনার জন্য মুম্বাই থেকে শিল্পপতি অনিল অম্বানির চার্টার্ড বিমান রওনা দিয়েছে। রবিবার রাতেই শ্রীদেবীর নিথর দেহ নিয়ে সেই বিমানের মুম্বাই ফেরার কথা।