সম্ভবত জীবনে এই একটা প্রশ্নের সম্মুখীন সবচেয়ে বেশি হতে হয়েছে সালমান খানকে। বিয়ে কবে করছেন? কিন্তু এই বিষয়ে কখনো স্পষ্ট করে কিছু বলেন নি। শুধু বিয়ে নয়, আজকাল প্রেমের বিষয়েও মুখে কুলুপ এঁটেছেন ভাইজান।

রোমানীয় বান্ধবী লুলিয়া ভান্তুর সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা গেলেও তাঁদের কাছ থেকে কোন আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। কিন্তু এবারের ভালোবাসা দিবসে কিছুটা উদাস হয়েছেন লুলিয়া। বিয়ের বিষয়ে স্পষ্ট করে কিছু না বললেও প্রেমের কথা স্বীকার করেছেন তিনি।

ভারতীয় গণমাধ্যমকে লুলিয়া জানান, ‘আমি ঠিক জানিনা বিয়েটা কবে হবে। বিয়ে নিয়ে আমাদের তেমন কোন তাড়াও নেই.. আর কেনই বা তাড়া থাকবে! দুজন মানুষের মধ্যে যখন প্রেম আছে তখন আর খামখা বিয়ে সংক্রান্ত ঝামেলায় যাওয়ার দরকার কি? ভালোবাসা থাকলে বিয়ের দরকার হয় না।

বিয়ে তো এক খণ্ড কাগজের ব্যাপার, আর ভালোবাসা সম্পূর্ণ মনের ব্যাপার। অনেক কাঠখড় পুড়িয়ে একটি সম্পর্ক গড়ে উঠে। সুতরাং কাগজ কলম এখানে মুখ্য বিষয় নয়!’

লুলিয়ার এমন দার্শনিক জবাবে বিয়ের বিষয় স্পষ্ট না হলেও অন্তত প্রেমের বিষয়টি স্পষ্ট হয়েছে। এতদিন প্রেমের বিষয়ে লুলিয়া-সালমান মুখ না খুললেও সালমানদের পারিবারিক অনুষ্ঠানে, ছবির প্রচারে এবং বিভিন্ন বাণিজ্যিক অনুষ্ঠানে দুজনকে একসঙ্গে দেখা যেত।

বিয়ে নয়, প্রতিশ্রুতিবদ্ধ থাকার মানসিকতাই লুলিয়ার কাছে প্রেমের একমাত্র গ্যারান্টি। ভবিষ্যতে শুধু নিজেকে সালমানের বান্ধবী হিসেবে দেখতে চান না, বরং কাজের মাধ্যমে নিজের আলাদা পরিচিতি তৈরি করতে চান এই রোমানীয় সুন্দরী।