প্রায় দেড় মাস পর দেশে ফিরেছেন চিত্রনায়ক শাকিব খান। এ সময় দেশের বাইরে ভারত ও থাইল্যান্ডে নতুন ছবির শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন তিনি।

দেশে মাত্র কয়েকদিন অবস্থানের পর আবারও উড়াল দেবেন বিদেশে। এবারের গন্তব্য অস্ট্রেলিয়া। বিদেশে শুটিং এবং দেশে ফেরার কারণ ও সমসাময়িক প্রসঙ্গ নিয়ে ‘হ্যালো…’ বিভাগে কথা বলেছেন তিনি।

গত সপ্তাহে বেশ কিছু অনলাইনে খবর বেরিয়েছে আপনি বেশ আগেই গোপনে দেশে এসেছেন….
** এটা সম্পূর্ণ ভুয়া খবর। আমি ঢাকায় ফিরেছি ২১ জানুয়ারি সন্ধ্যায়। থাইল্যান্ড থেকে কলকাতায় গিয়েছিলাম একটি স্টেজ শোতে অংশ নিতে। সেটি শেষ করেই ঢাকায় ফিরেছি। তাও ফেরার কথা ছিল না। তা ছাড়া আমি নিজের দেশে আসব। গোপনে আসব কেন? কারণটা কী?

অনেকে বলছিল, অপুর সঙ্গে ডিভোর্সের ব্যাপারে যাতে সমঝোতা করার দিন পেরিয়ে যায় সেজন্য দেশে আসছেন না…
** এটা কী যৌক্তিক কোনো কথা হল। যে কারণে আমি বিদেশে ছিলাম বা আছি, সেটি আমার শিডিউল মোতাবেকই আছি। এসব শিডিউল আমার বেশ আগেই দেয়া। মিস করলে বেশ ঝামেলায় পড়ে যাব। প্রযোজকের ক্ষতি হবে। তা ছাড়া ডিভোর্সের বিষয়ে আমার যা করার করেছি। বাকিটা আমার আইনজীবী করবেন। আমি ব্যস্ত থাকার কারণে তার ওপর দায়িত্ব দিয়েছি। আমার আইনজীবীর কথাই আমার কথা।

কলকাতা থেকে অস্ট্রেলিয়া চলে যাওয়ার কথা ছিল? তা হলে হুট করে দেশে এলেন কেন?
** জয়ের (সন্তান আব্রাম খান জয়) জন্য মনটা পুড়ছিল অনেকদিন ধরে। শুটিংয়ের কারণে বিদেশে থাকতে হচ্ছে বেশিরভাগ সময়। থাইল্যান্ড থেকে কলকাতার কাজ শেষ করে অস্ট্রেলিয়া চলে যাওয়ার কথা ছিল। কিন্তু যাইনি। জয়কে দেখতেই ঢাকায় এসেছি। ছেলেটার সঙ্গে কিছু সময় কাটাতে চাই।

কেউ কেউ বলছে, আপনাকে প্রেশার ক্রিয়েট করে ঢাকায় ফিরতে বাধ্য করা হয়েছে। কথাটা কতটুকু সত্যি?
** আমাকে প্রেশার দেবে কে? কেন দেবে? কী করেছি আমি? ডিভোর্সের বিষয়ে যদি বলেন, তা হলে সেটি আমি স্পষ্ট বলে দিয়েছি। বাকিটা নিয়মানুযায়ীই হবে। এরপরও যদি কিছু বলার থাকে বা করার থাকে সেটি আমার আইনজীবী করবেন। তা হলে প্রেশারের প্রশ্ন কারা তোলে? কী তাদের উদ্দেশ্য? আমাকে নিয়ে নোংরা রাজনীতি আগেও খেলার চেষ্টা করেছেন অনেকে। এখনও করছেন। এসব নিয়ে এখন আর মাথা ঘামাই না। নিজের কাজ নিয়ে ব্যস্ত। অন্যকিছু ভাবার সময় নেই এখন।

‘নোলক’ ছবির শুটিং কেমন করলেন?
** ভারতের বিভিন্ন লোকেশনে ছবিটির আমার অংশের পুরো শুটিংই শেষ করেছি। টানা কাজ করেছি। বেশ গোছানো একটি ছবি হয়েছে। টেকনিক্যাল টিমও দারুণ করেছে। সব মিলিয়ে নোলকে দর্শকরা আলাদা কিছু পাবেন।

ঢাকায় কিংবা বাংলাদেশে এ ছবির শুটিং করা হবে কী?
** আমার জানা মতে, ছবিটির পুরো কাজই শেষ। তারপরও পরিচালক যদি মনে করেন ছবির প্রয়োজনে বাংলাদেশেও কিছু করার দরকার আছে তা হলে সেটি হতে পারে।

ব্যাংককে কোন কোন ছবির শুটিং করলেন?
** আমি নেতা হব ও কলকাতার একটি ছবির গানের শুটিং করলাম। এ দুটি ছবির কাজও শেষ।

ঢাকায় কতদিন থাকবেন?
** ২-৩ দিন তো আছি। জয়ের সঙ্গে সময় কাটাব। পাশাপাশি বিশ্রামও নেব। এরপর অস্ট্রেলিয়ায় যাব। ওখানে ‘সুপারহিরো’ ছবির শুটিং করব। ওটাও টানা শিডিউল দেয়া। প্রায় ২০ দিনের বেশি থাকা হবে ওখানে। এরপর আরও কয়েকটি ছবির শিডিউল দেয়া আছে। সেগুলোও সময় মতো শেষ করব।