দীর্ঘ দেড় মাস পর (২১ জানুয়ারি) দেশে ফিরেছেন ঢাকাই কিং শাকিব খান। আর এসেই তিনি বিভ্রান্তের শিকার। সম্প্রতি একযোগে কয়েকটি গণমাধ্যমে প্রকাশ পায় ‘কোন এক বিশেষ মহলের চাপেই গোপনে ঢাকা আসেন তিনি’। যা গতকাল দেশে ফেরার পরই দৃষ্টিগোচর করেন তিনি।
এ প্রসঙ্গে শাকিব বলেন, ‘আমার দেশে আমি ফিরেছি। কিন্তু আমি ফেরার আগেই কেন এসব ভুয়া খবর রটানো হয়েছে সেটা আমার বোধগম্য নয়। আমি জানতে চাই, সেই বিশেষ মহল কে বা কারা? কিসের চাপে আমি দেশে ফিরব? আমি এদেশের নাগরিক। আমার দেশে ফিরতে কি কারও অনুমতি লাগবে? নাকি আমি কোথাও পালিয়ে গেছি যে, কারও চাপে আমাকে দেশে ফিরতে হবে? দীর্ঘদিন দেশের বাইরে থাকার জন্য জয়ের জন্য মনটা পুড়ছিল। তাই তাকে দেখতেই দেশে এসেছি। এটা নিয়েও কেন জল ঘোলা করা হচ্ছে?’
তিনি আরো বলেন, ‘যারা এসব লিখছে তাদের কাছে জানতে চাই, তারা কি নিজেদের সুনাম বাড়ানোর জন্যই যা ইচ্ছে তাই লিখে দিচ্ছে, নাকি মানুষকে বিভ্রান্ত করছে? এদের জন্য মূলধারার সাংবাদিকরাও বিভ্রান্তিতে পড়ছেন। এদের বিরুদ্ধে সরকার, প্রকৃত গণমাধ্যম ও জনগণের রুখে দাঁড়ানো উচিৎ। প্রত্যেকটি কাজের জবাবদিহিতা থাকা উচিৎ, না হলে শৃঙ্খলা থাকে না। আমি তথ্যমন্ত্রীর সঙ্গে এসব অনলাইন পোর্টালের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানাব। দরকার হলে আইনি ব্যবস্থা নেব।’





