শাকিব খানের সঙ্গে বিচ্ছেদ চান না বলে নিজের মত জানিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। তিনি বলেন, ‘আমার একটা সন্তান রয়েছে, আমি এখন বিচ্ছেদ চাই না। তাছাড়া শাকিব যে অভিযোগগুলো করেছে এগুলো ঠিক না।

ওকে আমি পাচ্ছি না। ভেবেছিলাম আজ পাবো, পেলাম না। ওর সাথে সামনাসামনি কথা বললে সব ঠিক হয়ে যেতো। এছাড়া এখানে যে স্বাক্ষর তা তো তার না। ওর জন্য আমি ধর্ম ত্যাগ করেছি। ভুল বোঝাবুঝি হয়েছে। তাকে অন্যরা ভুল বুঝিয়েছে।’

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল-৩ এর অফিসে সালিশ বৈঠকে অংশ নিয়ে অপু বিশ্বাস এসব কথা বলেন। আজ সোমবার এই দম্পতির সিটি কর্পোরেশনের সালিশে থাকার কথা থাকলেও সেখানে উপস্তিত ছিলেন শুধু অপু বিশ্বাস, ছিলেন না শাকিব খান।

এ বিষয়ে শাকিব খানের আইনজীবী অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বলছেন, ‘শাকিব সালিশে আসার প্রয়োজনবোধ করছেন না। আমাদের আগের সিদ্ধান্তই বহাল থাকবে। কোন পরিবর্তনের সম্ভাবনা নেই।’

এদিকে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. হেমায়েত হোসেন বলেন, ‘আমরা তাদের জোর করতে পারি না। ৯০ দিনের মধ্যে সমঝোতা না হলে স্বয়ংক্রিয়ভাবে ডিভোর্স হয়ে যাবে।’

এদিকে শাকিব না আসায় ১২ ফেব্রুয়ারি আবার বৈঠক ডেকেছে সিটি কর্পোরেশন।