প্রথম ছবি ‘কয়ামত সে কয়ামত তক’ মুক্তি পাওয়ার পরই রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান আমির খান। আমিরকে দেখে বেশিরভাগ দর্শক ভেবেছিল অবিবাহিত। কিন্তু পরে জানা যায় আগেই রীনা দত্তের সঙ্গে বিয়ে হয়ে গেছে মি পারফেক্টশনিস্ট-এর।
এমনকী এই ছবিতে রীনাকে একটা ছোট দৃশ্যেও দেখা গিয়েছিল। এই ছবি মুক্তি পাওয়ার পর অনেক মহিলা দর্শকই আমিরের মতো একজন প্রেমিক চেয়েছেন। কিন্তু অনেকেই জানে না টিন এজার আমিরকে তিনবার মেয়েরা ফিরিয়ে দিয়েছে। এবং সেই দুঃখে আমির একবার মাথাও ন্যাড়া করেন।
সম্প্রতি আমির খানের একটা পুরনো সাক্ষাৎকার প্রকাশ্যে এসেছে। সেখান থেকেই এই ঘটনা জানা যায়। আমিরের কাছে জানতে চাওয়া হয় যখন তিনি টিনএজার ছিলেন তখন কোনো মেয়ের প্রেমে পরেছেন কিনা। উত্তরে আমির বলেন, ”আমি খুব রোমানটিক ছিলাম তাই মাঝে মাঝেই মেয়েদের প্রেমে পড়তাম। কিন্তু দুর্ভাগ্যবশত যখন তাদের আমার প্রেমের কথা জানাতাম তারা আমাকে রিজেক্ট করে দিত। আমি খুব লাজুক ছিলাম তাই অনেক সাহস সংগ্রহ করে প্রপোজ করতাম। আমাকে তিনবার রিজেক্ট করা হয়। আমি তিনবারই সিরিয়াস ভাবে প্রেমে পড়ি। কিন্তু তিনবারই আমার কপালে ‘না’ জোটে।”
আমির আরো যোগ করেন, ‘আমি একবার মাথা ন্যাড়া করে নিয়েছিলাম। কারণ আমি যে মেয়েটাকে ভালোবাসতাম তাকে প্রপোজ করার পর সে আমাকে রিজেক্ট করে‚ ফলে তাকে হারিয়েছিলাম। আর সেই দুঃখে আমি মাথা ন্যাড়া করে ফেলি। মানছি প্রেমে ধাক্কা খেয়ে আমি খুব বোকামির কাজ করেছিলাম। কিন্তু যখন করেছিলাম তখন আমার ১৭-১৮ বছর বয়স ছিল।’





