ভারতের অন্যতম ধনকুবের রিলায়েন্স ইন্ড্রাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির স্ত্রী নীতাকে পছন্দ করেছিলেন তার মা কোকিলাবেন আম্বানি। এক নৃত্যানুষ্ঠানে নীতার পারফরম্যান্স দেখে মুগ্ধ হয়েছিলেন তিনি।
১৯৮৫ সালে ভারতের বিখ্যাত ব্যবসায়ী মুকেশ আম্বানির সঙ্গে বিয়ে হয়েছিল নীতা আম্বানীর।
মায়ের পছন্দ করা পাত্রীর সঙ্গে প্রথম আলাপেই মুগ্ধ হয়েছিলেন মুকেশ। নীতারও ভাল লেগেছিল মুকেশকে। ক্রমে আলাপ গড়ায় বন্ধুত্বের দিকে। সেই সময়ে মুকেশ গাড়ি ছেড়ে নীতার সঙ্গে যাবেন বলে ভিড় বাসেও উঠে পড়েছিলেন। এতে দারুণ মুগ্ধ হয়েছিলেন নীতা।
তবে তাদের প্রেমকাহিনির সবচেয়ে আকর্ষণীয় ঘটনাটি অন্য। নিতান্তই মধ্যবিত্ত পরিবারের মেয়ে নীতা তখন একটি স্কুলে ৮০০ টাকা বেতনের চাকরি করতেন। ২০ বছরের তরুণী নীতার খুব প্রিয় ছিল সেই চাকরি। মুকেশ বিয়ের প্রস্তাব দিলে তিনি শর্ত দেন, বিয়ের পরেও তাকে শিক্ষকতা করার সুযোগ দিতে হবে। এই শর্তেই তিনি বিয়ে করতে রাজি আছেন, নইলে নয়। স্ত্রীর এই শর্ত বিনাবাক্যে মেনে নেন মুকেশ। ফলে বিয়ের পরেও নির্বিঘ্নে শিক্ষকতা করেছিলেন নীতা।





