ভারতীয় বাংলা চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেতা জিতেন্দ্র মদনানী ওরফে জিৎ। অসাধারণ অভিনয় দিয়ে তিনি মানুষের হৃদয়মন্দিরে যেভাবে প্রবেশ করেছেন, সেখান থেকে তাকে বের করার সাধ্য কারো নেই।

শুধু ভারতেই নয়, প্রতিভার জোরে তিনি ইতোমধ্যে জয় করেছেন বাংলাদেশি দর্শকদের মনও। গতকাল ফেসবুক লাইভে এসে তিনি বাংলাদেশি দর্শকদের দিয়ে গেছেন এক আবেগময় বার্তা।

লাইভে তিনি বলেন, ‘আজ বাংলাদেশি দর্শকদের জন্য রয়েছে আমার একটি ঘোষণা। বিশেষ করে তাদের জন্যই আজকে লাইভে আসা। বলছিলাম, বাংলাদেশি দর্শকদের জন্য নতুন টার্গেট হলো আমার পরবর্তী ফিল্ম Inspector Notty.K, যা আগামী ১৯ জানুয়ারি ২০১৮-তে একযোগে বাংলাদেশে এবং ভারতে মুক্তি পাচ্ছে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ রইলো, আমার মুভিটি হলে গিয়ে দেখবেন।’

নিজের অভিনীত ‘সাথী’ ছবিটির জন্য বিএফজে-তে সবচেয়ে প্রতিজ্ঞাবদ্ধ অভিনেতার পুরস্কার জিতে নেন জিৎ। ছবিটি ব্যাপক বাণিজ্যিক সাফল্যও লাভ করে। এর পাশাপাশি টিভি রিয়েলিটি শো ‘কোটি টাকার বাজি’র সঞ্চালক হিসেবে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড লাভ করেন জিৎ। তিনি টলিউডের সর্বোচ্চ হিট ছবিতে অভিনয়ের গৌরব অর্জন করেন।

ওই ছবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছবি হলো- সাথী, জোশ, পৃথিবী, ফাইটার, পাওয়ার, বচ্চন, ১০০ % লাভ এবং আওয়ারা। তিনি ২০১২ সালে আনন্দলোক অ্যাওয়ার্ড পান এই ‘আওয়ারা’ ছবিতে অভিনয়ের জন্য।