একই নাটকে দুটি চরিত্রে কয়েকবার এসেছেন মোশাররফ করিম। এমনকি তিনটি চরিত্রেও পাওয়া গেছে তাকে। তবে এবার ভিন্ন একটি চরিত্রে দেখা যাবে জনপ্রিয় এ অভিনেতাকে। যেখানে একাধিক চরিত্র নয়,
একাধিক বিয়ে করবেন মোশাররফ। আর সেটা নিয়েই তার জীবন অতিষ্ঠ হয়ে উঠবে। বাসায় তৈরি হবে কয়েকটি পক্ষ। মাঝে থেকে মোশাররফ করিম পড়বেন বিপদে।
‘শুকনো পাতার নূপুর’ নামের ধারাবাহিক নাটকে তাকে এভাবে পাওয়া যাবে। এটি রচনা ও পরিচালনা করেছেন শাহাজাদা মামুন। গল্পে দেখা যাবে, হেলাল (মোশাররফ করিম) বাবা-মায়ের একমাত্র আদরের সন্তান। গ্রামে অনেক সহায়-সম্পত্তি রেখে মারা যায় হেলালের বাবা। সন্তানের আশায় হেলালের মা তাকে দুটি বিয়ে দেয়। কিন্তু তাতেও কাজ না হলে ছেলেকে তৃতীয় বিয়ে করানোর জন্য উঠেপড়ে লাগে হেলালের মা।
সেই মতে প্রস্তুতিও চলে! নাটকে বড় বউয়ের ভূমিকায় ঊর্মিলা শ্রাবন্তী কর ও ছোট বউয়ের ভূমিকায় অভিনয় করেছেন মন্দিরা। এতে আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ, তানহা, শিরিন আলম প্রমুখ। চ্যানেল আইতে আগামীকাল থেকে সপ্তাহের প্রতি শনি ও রবিবার রাত ৮টায় এটি প্রচার হবে।




