ঢাকাই চলচ্চিত্রের অন্যতম জয়প্রিয় জুটি ছিলেন শাকিব-অপু। কিন্তু বেশ অনেকদিন ধরেই চলছিল তাদের সম্পর্কের টানাপোড়ন। যা শেষে গিয়ে রুপ নেয় ডিভোর্সে।শাকিব-অপু জুটির অবসান ও তাদের সংসারের বিচ্ছেদ নিয়ে চলচ্চিত্রের অনেকেই বেশ মর্মাহত।

সেই কাতারে আছেন জলিল পত্নী বর্ষা।শাকিব অপুর সংসারের বিচ্ছেদ নিয়ে তিনি নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে অনন্ত জলিল-পত্নী প্রশ্ন রাখেন, ‘যে অপু নিজের পরিবার, ধর্ম সব ত্যাগ করে শাকিবের কাছে চলে এসেছিল। শাকিব তার সবকিছু নিমেষেই শেষ করে দিল তালাকনাম পাঠিয়ে? তাহলে ভক্তরা কী শিখবে?’

তিনি স্ট্যাটাসের শুরুতেই লেখেন, ‘আমি একটু মর্মাহত হলাম শাকিব-অপুর সংসার ভেঙে যাওয়ায়। কারণ এতগুলো সফল সিনেমার জুটি তারা। ভেবেছিলাম তাদের নিজেদের মাঝে যেটুকুই মনোমালিন্য হয়েছিল, তা নিজেরাই মিটিয়ে নিয়ে সুখের সংসার করবে। কিন্তু, না, তার বিপরীত হলো।’

বর্ষা আরও লেখেন, ‘শাকিব খান হঠাৎ অপু বিশ্বাসের নিকট ডির্ভোস লেটার পাঠিয়ে তাদের ৯ বছরের সংসারকে ভেঙে দিলো। এতদিনের ভালোবাসার সম্পর্ককে এত সহজেই ছিন্ন করে দিলো, যা আসলেই মেনে নেওয়া কষ্টকর। বিশেষ করে খারাপ লাগছে অপু বিশ্বাসের জন্য, কারণ অপু নিজের পরিবার ও ধর্মকে দূরে ঠেলে শাকিবের কাছে এসেছিল। শাকিবের উপর ভরসা রেখেই সব ছেড়ে সংসার করেছিল। কিন্তু, সব কিছুই সে নিমেষেই শেষ করে দিলো তালাকনামা পাঠিয়ে। আমাদের একটা কথা মাথায় রাখা উচিত, আমরা যারা সেলিব্রেটি আছি, সাধারণ মানুষ তাদের আদর্শ মানেন। আর সেই আদর্শের আমরা যদি কিছু দিন পর পর এ রকম অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম দেই, তাহলে ভক্তরা কি শিখবে? কি ফলো করবে?’

তিনি সিনিয়র শিল্পীদের জীবন অনুসরণ করার কথা বলে লিখেন, ‘আমাদের মত সেলিব্রেটিদের উচিত একটু শাবানা ম্যাম, শাবনাজ-নাঈম, রাজ্জাক আঙ্কেলের দাম্পত্য জীবন অনুসরণ করা। কারণ, তারা একেকজন কিংবদন্তি হয়েও তাদের সংসার, স্বামী, সন্তান নিয়ে সুখের সংসার করেছেন। আমি আশা করি, শাকিব-অপু তাদের পুরনো দিনের স্মৃতিগুলো স্মরণ করে সব কিছু ভুলে গিয়ে ছোট্ট সন্তানের কথা চিন্তা করে, তার উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবে, নতুন করে সুখের সংসার শুরু করবে।’