পাল্টাপাল্টি বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা আওয়ামীলীগের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে। অভ্যন্তরীন কোন্দলের জের ধরে কলারোয়া উপজেলা আওয়ামীলীগের দুই গ্রুপের মধ্যে এই সংঘর্ষ বাধে বলে জানা গেছে। শনিবার (২৫ নভেম্বর) সকাল ও দুপুরে কলারোয়া উপজেলা পরিষদ চত্তরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা স্থানীয় হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি হয়েছে
স্থানীয়রা জানান, বঙ্গবন্ধুর ৭ ই মার্চ মার্চের ভাষন ইউনেস্কো কতৃক স্বীকৃতি পাওয়ায় সরকারি ভাবে পালিত হচ্ছিল। অনুষ্ঠান চলাকালিন পাল্টাপাল্টি বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টুর কর্মী সমর্থকরা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপনের উপর চড়াও হয়। এক পর্যায়ে লাল্টুর সমর্থকরা স্বপনের কর্মী সমর্থকদের উপর ইট পাটকেল নিক্ষেপ করে আহত করে। পাল্টাপাল্টি সংঘর্ষে উভয় গ্রুপের কমপক্ষে ১০ জন আহত হয়। পরে ফিরোজ আহমেদে স্বপনকে তার কার্যালয়ে দুই ঘন্টা অবরুদ্ধ করে রাখা হয়।
কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন বলেন, লাল্টু গ্রুপের সন্ত্রাসী বাহিনী আমাকে অবরুদ্ধ করে রাখে। এবং আমার নেতা কর্মীদের মারধর করে আহত করে।
কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু বলেন, এমন কোনো ঘটনা ঘটেনি। এটা ফিরোজ আহমেদ স্বপনের কারসাজি। তার সন্ত্রাসী বাহিনী আমার নেতা কর্মীদের উপর হামলা চালিয়ে আহত করেছে।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার বিষয়টি নিশ্চিত করে বলেন,উভয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছে। তবে কয়জন আহত হয়েছে তিনি বলতে পারেনি। জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থাল পরিদর্শন করেছে।





