আগামী ৩ ফেব্রুয়ারি ঘোষণা হতে পারে পঞ্চম উপজেলা নির্বাচনের তফসিল। সেই অনুযায়ী আগামী ৮ অথবা ৯ মার্চ থেকে প্রথম ধাপে ভোটগ্রহণ শুরু হতে পারে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
মঙ্গলবার (২২ জানুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত নির্বাচন কমিশনের (ইসি) সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।
নির্বাচন কমিশনের প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী এবার মোট ৫ ধাপে উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
৩ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের বৈঠকে উপজেলা নির্বাচনের তফসিল চূড়ান্ত করা হবে বলে হেলালুদ্দীন সাংবাদিকদের জানান।
ইসির কার্যপত্র অনুযায়ী, উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ভোটগ্রহণ হবে ১৮ মার্চ, তৃতীয় ধাপে ২৪ মার্চ, চতুর্থ ধাপে ৩১ মার্চ ও পঞ্চম তথা শেষ ধাপে ভোট হবে হবে ঈদুল ফিতরের পরে।
স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি তথা ঐক্যফ্রন্ট অংশ নেবে কিনা- এমন প্রশ্নে হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের বলেন, ‘উপজেলার মেয়াদ মে মাসের মধ্যে শেষ হবে। এই সময়ের মধ্যে নির্বাচন শেষ করার বিষয়ে আইনি বাধ্যবাধকতা আছে। কে নির্বাচনে এল, আর কে এল না, সেটা বিশেষ বিবেচ্য বিষয় নয়।’




