বিধবা বিবাহ করলেই মিলবে ২ লক্ষ টাকা। একেবারে নগদ। বিধবা বিবাহকে উত্সাহ দিতেই মধ্যপ্রদেশ সরকারের এই ঘোষণা।

রাজ্যের সামাজিক ন্যায় বিভাগ এই প্রকল্প চালু করতে চলেছে। তবে একটি শর্তও আরোপ করেছে তারা। কনের বয়স হতে হবে ৪৫ বছরের কম হলে তবেই এই প্রকল্পের আওতায় পড়বেন তিনি, বলে জানাচ্ছে মধ্যপ্রদেশ সরকার। তাদের দাবি, দেশে এইরকম উদ্যোগ এই প্রথম। পাশাপাশি, রাজ্য সরকারের দাবি, এই প্রকল্প চালু হলে বছরে প্রায় এক হাজার বিধবার বিয়ের উদ্যোগ নেওয়া যাবে।

চলতি বছরের জুলাই মাসে দেশের শীর্ষ আদালত বিধবা-বিবাহে উত্সাহ দিতে, একটি নীতি প্রণয়নের জন্য কেন্দ্রকে নির্দেশ দেয়। তার প্রেক্ষিতেই মধ্যপ্রদেশ সরকারের এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
১৮৫৬-তে বিধবা বিবাহ আইনিভাবে বৈধ ঘোষিত হওয়ার পর দেশে এ ধরনের উদ্যোগ এই প্রথম।
প্রকল্পের জন্য মধ্যপ্রদেশ সরকারের পক্ষ থেকে বছরে ২০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। খসড়া অনুসারে, ১৮ থেকে ৪৫ বছর বয়সের কোনও বিধবাকে বিয়ে করলে সংশ্লিষ্ট ব্যক্তি পাবেন ২ লক্ষ টাকা। এই প্রস্তাবটি চূড়ান্ত হয়েছে এবং তা অর্থমন্ত্রকের কাছে পাঠানো হবে। সেখানে ছাড়পত্র পেলে ওই প্রস্তাব মন্ত্রিসভার কাছে পেশ করা হবে। তিনমাসের মধ্যে প্রস্তাব কার্যকরী হবে বলে মনে করছে মধ্যপ্রদেশ সরকার।
তবে বেশ কিছু শর্তাবলী চাপানো হয়েছে প্রকল্পে। যাতে কোনও ভাবে অপব্যবহার না হয়, তাই এই শর্তের প্রয়োজন বলে জানানো হয়েছে রাজ্যসরকারের পক্ষ থেকে। বলা হয়েছে, যিনি কোনও বিধবাকে বিয়ে করবেন তাঁর সেটাই প্রথম বিয়ে হতে হবে। জেলার কালেক্টরেটে বিবাহ নথিভুক্ত করতে হবে। এবং গ্রাম পঞ্চায়েত বা কোনও স্থানীয় সংস্থার দেওয়া প্রমাণপত্র এক্ষেত্রে গ্রাহ্য হবে না।
প্রকল্পের খসড়াপত্র ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। অনুমোদনের জন্য এরপর তা পাঠানো হবে অর্থদফতরে। প্রকল্পের সঙ্গে যুক্ত আধিকারিকরা আশা করছেনতিন মাসের মধ্যেই এই প্রকল্প বাস্তবায়িত হবে।