আগামী ১২ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির জনসভায় সরকারের সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করেছে দলটি।
বুধবার (৮ নভেম্বর) নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগীর নেতৃবৃন্দের সঙ্গে আয়োজিত যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে এ প্রত্যাশা ব্যক্ত করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আগামী শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জনসভায় দলের চেয়ারপারসন খালেদা জিয়া উপস্থিত থাকবেন উল্লেখ করে তিনি বলেন, কিভাবে জনসভা শান্তিপূর্ণ ভাবে সম্পূর্ণ করা যায় তা নিয়ে আজকের সভায় আলোচনা হয়েছে।
বিএনপির মহাসচিব বলেন, সরকার সব সময় বলে থাকে তারা গণতান্ত্রিক কর্মসূচিতে বাঁধা দেন না। এমনকি গতকাল তাদের একজন নেতা বলেছেন যে, এ ধরনের সমাবেশে তাদের কোন বাঁধা নেই। আমরা আশা করবো তাদের কথাগুলো সত্যি হবে এবং সরকার সহযোগিতা করবে।
যথাসময়ে জনসভার অনুমতি দেবে এমন আশা ব্যক্ত করে মির্জা ফখরুল বলেন, এখন পর্যন্ত কোন অনুমতি পাওয়া যায়নি। আমরা আশা করছি সরকার যথা সময়ে ১২ তারিখের জনসভার অনুমতি দিবে এবং সমাবেশ যে গণতান্ত্রিক অধিকার তা পালনে সরকার সহযোগিতা করবে।
এ সময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, যুগ্ম মহাসচিব হারুনুর রশীদ হারুন, খায়রুল কবীর খোকন প্রমুখ।





