বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সরকারের লোকজন যাই বলুক না কেন তাদেরকে সমঝোতায় আসতেই হবে, সমঝোতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আর সুষ্ঠু নির্বাচন হলে বিএনপিই জয়ী হবে।’
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘আমরা বারবার বলেছি আমরা সংঘাত চাই না। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যেন জনগণের আশা পূরণ হয় সে জন্য প্রয়োজন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা।’
তিনি আরো বলেন, তারা জানে যে, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে তারা ক্ষমতায় যেতে পারবেন না, সে জন্য তারা সমঝোতায় আসতে চাইছেন না।’
দলের মহাসচিব বলেন, আগামী ৫ নভেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ১০ দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি। এর মধ্যে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সকাল ৬টায় দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের জেলা উপজেলা কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, সকাল ১০টায় খালেদা জিয়ার নেতৃত্বে জিয়াউর রহমানের মাজারে পুস্পস্তবক অর্পণ ও ফাতেহা শরীফ পাঠ, ৭ নভেম্বর উপলক্ষে পোষ্টার ও ক্রোড়পত্র প্রকাশ।
সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, স্বেচ্ছা সেবক বিষয়ক সম্পাদক শফিউল বারী বাবু প্রমুখ।





