নারায়ণগঞ্জ-১ (রুপগঞ্জ) আসনে আওয়ামী লীগ এবার মনোনয়ন দানে বড় চমক দেখাতে যাচ্ছে। দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী গ্রুপ বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরকে এবার আওয়ামী লীগ মনোনয়ন দিতে চাইছে।
সূত্র জানায়, দলের শীর্ষ পর্যায় থেকেই এই আগ্রহ দেখিয়ে আসা হচ্ছে। বসুন্ধরা গ্রুপের এমডি এখনো তার সিদ্ধান্ত জানাননি। তবে পারিবারিক ভাবে চিন্তা ভাবনা করেই সিদ্ধান্ত জানাবেন।
আওয়ামী লীগ সূত্র বলেছে, সায়েম সোবহান আনভীর দলের হাইকমান্ডের প্রথম পছন্দ। এ আসনের বর্তমান এমপি গাজী গোলাম দস্তগীর। কিন্তু তিনি নানা কারণে বিতর্কিত ও সমালোচিত। দলের একটি বড় অংশও তার সাথে নেই। বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীর রাজি হলে আওয়ামী লীগ গোটা জেলার নির্বাচনেই যে বাড়তি সুবিধা পাবে তা নয়, এ আসনেও নতুন প্রার্থী দিয়ে চমক সৃষ্টি করবে বলে নেতারা মনে করেন।
সায়েম সোবহান আনভীর বসুন্ধরা গ্রুপের এমডিই নন তারা দুই ভাই শেখ রাসেল ও শেখ জামাল ক্রীড়াচক্রের কর্ণধার। ক্রীড়া সংগঠক হিসেবে তার সুনাম রয়েছে। এর মধ্যে দেশের সবচেয়ে বড় মিডিয়া হাউজ বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন। ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপেরও মূল কর্ণধার সায়েম সোবহান আনভীর। যাকে বাংলাদেশের মিডিয়া মোঘল বলা হয়। মিডিয়া ও সমাজসেবায় অবদানের স্বীকৃতিস্বরূপ ভারতের মর্যাদাপূর্ণ ‘দাদাসাহেব ফালকে এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০১৭’ পেয়েছেন সায়েম সোবহান আনভীর। তাকে মনোনয়ন দিয়ে ভোটযুদ্ধে একটি বড় শক্তিকেই সাথে চায় আওয়ামী লীগ। তবে সায়েম সোবহান আনভীর শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেন সেটিই দেখার বিষয়।





