বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, চারদিকে সরকারের বিদায়ের বাঁশি বাজতে শুরু করেছে। মানুষের সব অধিকার কেড়ে নিয়ে এখন সর্বোচ্চ আদালতকে কব্জায় নিতে সরকারি এজেন্সির লোকেরা যে সন্ত্রাসী তাণ্ডব চালিয়েছে, তা দেখে দেশবাসী শুধু হতবাক নয়, রীতিমত শঙ্কিত।
বুধবার নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
রাষ্ট্র সমাজের আবহাওয়া এখন বৈরিতায় বিষাক্ত। ক্ষমতাসীনদের সব অপকর্ম তারা লুকাতে পারছে না, উন্মোচিত হচ্ছে তাদের কুৎসিত কর্মকাণ্ড। এই কুপথগামী সরকারের অবলম্বন শুধুমাত্র নির্লজ্জ মিথ্যাচার আচরণ। সত্য ঘটনাকে মিথ্যা বলা আর মিথ্যাকে সত্য বলা আওয়ামী লীগের আদর্শিক ম্যানুফেস্ট্রো।
তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এটি বিএনপিসহ প্রতিবাদী বিরোধী দলগুলোর অন্তহীন প্রতিবাদী মিছিলকে আটকাতে সরকারের এক ব্যর্থ চেষ্টা। সরকারের বিভিন্ন বাহিনীর বলপ্রয়োগ প্রতিহত করে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর জোরালো তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রমাণিত হয়েছে, সরকারের যেকোনো আক্রমণ মোকাবেলা করতে জাতীয়তাবাদী শক্তি প্রস্তুত।
তিনি বিএনপির দেশব্যাপী হামলা, গুলিবর্ষণ ও নেতাকর্মীদের গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। অবিলম্বে গ্রেফতারকৃত নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার ও তাদের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।
সংবাদ সম্মেলনে আবুল খায়ের ভূঁইয়া, মোয়াজ্জেম হোসেন আলাল, মুনির হোসেন, এম এ মালেক, আবদুল আউয়াল খান প্রমুখ উপস্থিত ছিলেন।





