বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, শেখ হাসিনার অধীনে নির্বাচন হলে জনগণ ভোট দিতে যাবে না। যে নির্বাচনে জনগণ ভোট দিতে যাবে না সে নির্বাচনে বিএনপিও যাবে না বলে মন্তব্য করেন তিনি।

সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, নির্বাচন নিয়ে বারবার কথা বলতে চাই না। সর্বশেষ বলে দিতে চাই, ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো আর কোন নির্বাচন শেখ হাসিনার পক্ষে করা সম্ভব হবে না। কোন ‍অবাধ-সুষ্ঠু নির্বাচনও সম্ভব হবে না। নির্দলীয় নিরপেক্ষ সরকার যতোদিন নিশ্চিত হবে না ততোদিন এদেশে কোন নির্বাচন হবে না।

তিনি বলেন, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়ে সরকার নিজেদেরকে সাকসেস মনে করছে। কিন্তু তারা জানেনা এর ফলাফল বা পরিণতি হবে অত্যান্ত ভয়াবহ।

বিএনপির এই নেতা বলেন, প্রধান বিচারপতি এস কে সিনহা একটি প্রতীক মাত্র। এটি কোন ব্যক্তির বিষয় নয়। প্রাতিষ্ঠানিক বিষয়। এই সরকার বিচার বিভাগের ওপর নগ্ন হামলা চালিয়ে নিজেদের সফল ভাবছে। কিন্তু এর পরিনাম হবে মারাত্মক।