রাজধানীর যাত্রাবাড়ীর থানায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৭৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য ১৬ অক্টোবর ধার্য করেছেন আদালত। ঢাকার মহানগর হাকিম সেখ ছামিদুল ইসলাম এ দিন ধার্য করেন।

সোমবার মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। অসুস্থ থাকায় এদিন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদালতে হাজির হতে পারেননি।

এজন্য তার পক্ষে আইনজীবী সানাউল্লাহ মিয়া ও সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ অভিযোগ গঠন শুনানি পেছানোর জন্য সময় আবেদন করেন। আদালত আবেদন শেষ বারের মত মঞ্জুর করে নতুন এ দিন ধার্য করেন। এমামলার অন্য আসামিদের পক্ষেও সময়ের আবেদন করা হয়।

মামলার নথি থেকে জানা যায়, ২০১২ সালের ৯ ডিসেম্বর বিএনপির ডাকা হরতালে যাত্রাবাড়ী থানাধীন কুতুবখালী এলাকায় মহাসড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় মামলাটি করে।

পরবর্তী সময়ে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ বিশ্বাস ২০১৪ সালের ২৮ ফেব্রুয়ারি মির্জা ফখরুলসহ ৭৩ আসামির বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন।