বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, রোহিঙ্গা সঙ্কট মোকাবেলায় চীন, ভারত, সোভিয়েত ইউনিয়ন (রাশিয়া) কেউই এখন বাংলাদেশের পাশে নেই। রোহিঙ্গা সঙ্কট মোকাবেলায় সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে।

শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জাতীয় গণতান্ত্রিক পার্টি আয়োজিত ‘রোহিঙ্গা সমস্যা সমাধান কোন পথে ও বর্তমান পেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘কূটনৈতিক ব্যর্থতা এখান থেকেই শুরু হয়েছে। জাতিসংঘে গিয়ে বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী বলেছেন- আমেরিকার সাহায্য দরকার নেই। এটা প্রধানমন্ত্রী ভুল করেছিলেন। এ কারণেই বিশ্ব নেতারা মুখ ফিরিয়ে নিয়েছেন। চীন, ভারত, সোভিয়েত ইউনিয়ন কেউই এখন বাংলাদেশের পাশে নেই।’

রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন দাবি করে বিএনপির এই নেতা বলেন, ‘এই রোহিঙ্গারা বেশিদিন এ দেশে থাকলে মানবিক বিপর্যয় দেখা দিবে। আন্তর্জাতিক সন্ত্রাসীরা রোহিঙ্গাদের ব্যবহার করতে পারে। রোহিঙ্গাদের নিয়ে সঙ্কটের দায় এড়াতে পারবেন না সরকার। যদি প্রথম থেকেই কার্যকর পদক্ষেপ নেয়া হতো তাহলে এই সঙ্কট এত প্রকট আকার ধারণ করতো না।’