দেশের বর্তমান পরিস্থিতি ভয়াবহ। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে কি না এনিয়ে সংশয় প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ।
শনিবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে বনানীর কার্যালয়ে যোগদান অনুষ্ঠানে তিনি এ সংশয়ের কথা জানান।
এরশাদ বলেন, দেশের পরিস্থিতি ভয়াবহ। আগামী নির্বাচন হবে কি না সংশয়ে আছি।
তিনি আরও বলেন, দেশের অবস্থা ভালো না। সব জায়গায় লুটপাট চলছে। এখন মানুষ আর আওয়ামী লীগ-বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় না। আগামী নির্বাচন হলে জাতীয় পার্টি ক্ষমতায় আসবে।
এরশাদ বলেন, আমি যখন ক্ষমতায় ছিলাম। দেশের মানুষ তখন সুখে-শান্তিতে ছিল। এখন আর মানুষ শান্তিতে নেই। দেশের কোথাও স্বস্তি নেই। মানুষ আজ দিশেহারা হয়ে পড়েছে।
সাবেক এই রাষ্ট্র প্রধান বলেন, বর্তমানে বাংলাদেশে রোহিঙ্গারা প্রবেশ করেছে। আমরা তাদেরকে মানবিকভাবে স্থান দিয়েছি। তবে সরকারের উচিত খুব দ্রুত তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া। তাদেরকে তাদের দেশে ফেরত পাঠানো সরকারের বড় চ্যালেঞ্জ।





