চা না দেওয়ার কারণে নাটোরে তিন ভাইকে গরম পানি দিয়ে ঝলসে দেওয়া এন এস সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসেন ওরফে রিয়নকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
গতকাল শুক্রবার রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাংলাদেশ ছাত্রলীগ থেকে এন এস সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসেন ওরফে রিয়নকে সংগঠন থেকে বহিষ্কার করা হলো।
চা না পেয়ে নাটোর এন এস সরকারি কলেজের ফটকের সামনের চা দোকানি তিন ভাইকে গরম পানি দিয়ে ঝলসে দেওয়ার অভিযোগ ওঠার একদিন পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক জাকির হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শাহরিয়ার হোসেন ওরফে রিয়নের বিরুদ্ধে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওঠায় কেন্দ্রীয় সংসদ জরুরি সিদ্ধান্তে তাঁকে বহিষ্কার করেছে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে এন এস কলেজ ছাত্রলীগের সভাপতি শাহাদৎ হোসেন রাজিব বলেন, চা না দেওয়ায় গরম পানি নিয়ে ধস্তাধস্তির একপর্যায়ে দোকানির শরীর ঝলসে যাওয়ার ঘটনাটি গণমাধ্যমে প্রকাশ পাওয়ার পর পরই কেন্দ্রীয় ছাত্রলীগ শাহরিয়ার হোসেনকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে।
এ বিষয়ে শাহরিয়ার হোসেনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
গত বৃহস্পতিবার দুপুরে এন এস কলেজের প্রধান ফটকের সামনে চা না দেওয়ার কারণে নাটোরে তিন ভাইকে গরম পানি দিয়ে ঝলসে দেওয়ার অভিযোগ ওঠে শাহরিয়ার হোসেন ওরফে রিয়নের নেতৃত্বে কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে।





