সংবিধানের ষোড়শ সংশোধনীর আপিল বিভাগের রায় নিয়ে রাজনীতি না করার জন্য বিএনপির নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এডভোকেট আব্দুল মতিন খসরু।
৯ আগস্ট বুধবার বিকেলে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সংবিধানের ষোড়শ সংশোধনীর আপীল বিভাগের রায় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
আব্দুল মতিন খসরু বলেন, ‘সুপ্রীমকোর্টের আপীল বিভাগের রায় নিয়ে কোনো বিতর্ক চলে না। কিন্তু বিএনপির নেতারা রায় নিয়ে যে অপপ্রয়াস চালাচ্ছেন তা দূরভিসন্ধিমূলক ও দুঃখজনক। তারা (বিএনপির নেতারা) আপীল বিভাগের রায়কে বিকৃত করে বিভিন্নভাবে ব্যাখ্যা দিচ্ছেন এবং রায় নিয়ে রাজনীতি করছেন। তারা উদ্দেশ্যমূলকভাবে উস্কানীমূলক বক্তব্য দিচ্ছেন।’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ‘বর্তমান সরকারের ক্ষমতায় থাকা উচিত নয়’ এমন বক্তব্যের সমালোচনা করে খসরু বলেন, ‘রায় নিয়ে তারা রাজনীতি করছে। কারণ এছাড়া তাদের সামনে রাজনীতি করার আর কিছুই নেই।’
তিনি বলেন, 'রায়ের চুলচেরা বিশ্লেষণ করার পর রিভিউ এর ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। সুপ্রীমকোর্টের রায় নিয়ে আমরা রাজনীতি করতে চাই না।'
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শ ম রেজাউল করিম, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাপা, তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট আফজাল হোসেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এস এম কামাল হোসেন উপস্থিত ছিলেন।





