বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিনাভোটের সরকার বর্তমানে এতটাই আতঙ্কিত সামান্য মিছিল বা বিক্ষোভ দেখলেই ভয় পায়, চমকে ওঠে। শনিবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীদের আন্দোলনকে অত্যন্ত ন্যায্য ও যুক্তিসংগত উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, সাধারণ শিক্ষার্থীরা তাদের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে সামান্য বিক্ষোভ করতে গেলে পুলিশ তাদের ওপর হামলা করলো, গুলি করলো, বুলেট নিক্ষেপ করলো, লাটিচার্জ করলো-রক্তাক্ত হলো শিক্ষার্থীরা।

তিনি বলেন, রাজধানীর সাতটি কলেজকে ঢাবির অধীনে নেওয়া হলেও বছর পেরোনোর পরও তাদের পরীক্ষার খবর নেই। অন্য শিক্ষাপ্রতিষ্ঠানের তাদের সহপাঠীরা মাস্টার্স পাস করে যাচ্ছে অথচ তাদের জীবন ধ্বংসের মুখে।

গত বৃহস্পতিবার পরীক্ষার রুটিনসহ সাত দফা দাবিতে শাহবাগে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। এসময় পুলিশ বেশ কয়েকজনকে আটক করে। পরে ওই দিন রাতে পুলিশের দায়িত্বে বাধা দেয়ার অভিযোগে অজ্ঞাত ১২শ’ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করে পুলিশ।

আন্দোলনে অংশ নেন ঢাবির অধিভুক্ত ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল ইসলাম কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও মিরপুর বাংলা কলেজের শিক্ষার্থীরা।

এ প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, গণমাধ্যমে পুলিশের হামলার ছবি প্রকাশিত হয়েছে। অথচ মামলা করল সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে। অথচ যারা আক্রান্ত হলো, রক্তাক্ত হলো, আটক হলো পুলিশ তাদের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা সরকারের হুকুম ছাড়া এ মামলা করেনি পুলিশ।