সারা দেশ এখন বন্যায় ভাসছে। বানভাসি মানুষদের নামে যে রিলিফ দেওয়া হয় আওয়ামী লীগের নেতাকর্মীরা তাও চুরি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।

তিনি বলেন, হাওড় অঞ্চল, উত্তর অঞ্চল সহ-সারা বাংলাদেশ এখন বন্যায় ভাসছে। দেশের বারোটা বেজে যাচ্ছে অথচ বন্যা নিয়ে বর্তমান সরকারের কোনো চিন্তা নেই। নির্বাচিত সরকার নয় বলেই বানভাসি মানুষের দুঃখ কষ্টে তাদের কিছু আসে যায়না।

আওয়ামী লীগের নেতারা বলছেন, আমাদের চালের মজুদের অভাব নেই, আর বন্যায় দুর্গত মানুষ গুলো ভয়াবহ খাদ্য সংকটে ভুগছে, তারা রিলিফ পাচ্ছে না। বন্যায়দুর্গত এলাকায় যে সমস্ত চাল ও খাদ্য সামগ্রী যাচ্ছে সেগুলো আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজেদের মধ্যে বিতরণ করা রিলিফগুলো লুটপাট করছে বলেও অভিযোগ করেন তিনি।

শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে হত্যা, নির্যাতন, গুম-অপহরণের কবলে সারা দেশ কোন পথে বাংলাদেশ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ইয়ুথ ফোরাম নামের একটি সংগঠন আলোচনা সভাটির আয়োজন করে।

আব্দুল্লাহ আল নোমান বলেন, এই অবৈধ সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়নি, তারা ভোটকেন্দ্রে কুত্তা যেতে দিয়েছে মানুষ যেতে দেয়নি। তাই জনগণের কাছে তাদের কারো জবাবদিহিতা নেই। এ জন্য তারা বন্যায় দুর্গত গরীবদের নামে বরাদ্দের রিলিফ ও লুটপাট করছে। সরকারের এই চুরি ও নির্যাতন জনসম্মুখে তুলে ধরতে হবে।

তিনি বলেন, ‘দেশে একটি নির্বাচন হতে হবে ক্ষমতা হস্তান্তরের জন্য। এটা নিয়ে কোন রাজনৈতিক দল আলোচনা করতেই পারে। গতকাল জেএসডির সভাপতি আ.স.ম রবের বাসায় রাজনৈতিক দলের নেতাদের ঘরোয়া আলোচনা সভায়ও পুলিশ বাঁধা দিয়েছে। তড়িৎ গতিতে তাদেরকে শেষ করতে হয়েছে।

তিনি আরো বলেন, ‘জবাবদিহিতার ভয়ে আওয়ামী লীগ ক্ষমতা ছাড়তে চায় না। তারা জানে ক্ষমতা হারালে হত্যা, নির্যাতন, লুটপাটের জন্য জনতার কাছে জবাবদিহি করতে হবে। আগামী নির্বাচন সহায়ক সরকারের অধিনেই হতে হবে আওয়ামী লীগের অধিনে কোন নির্বাচন হবে না, জনগণ হতে দেবে না।

এ সময় আরো উপস্থিত ছিলেন, আয়োজক সংগঠনের উপদেষ্টা মো: আতিকুজ্জামান, জাতীয় পার্টি(জাফর) প্রেসিডিয়াম সদস্য আহসান হাবীব লিংকন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মাদ রহমতউল্লাহ, খালেদা ইয়াসমিন, জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা ( জাসাস এর সহ-সভাপতি) শাহরিয়া ইসলাম শায়লা, স্বাধীনতা অধিকার আন্দোলনের সভাপতি ড. কাজী মনিরুজ্জামান মনির, নাগরিক দলের সভাপতি শাহজদা সৈয়দ মো: ওমর ফারুক পীর ও বিএনপি নেতা শাহ মো: মাসুম বিল্লাহ প্রমুখ।