আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি গত ৮ বছরে আট মিনিটের জন্যও আন্দোলন করতে পারেনি। আন্দোলনের ব্যর্থতার জন্য বিএনপির টপ টু বটম সব নেতাদের পদত্যাগ করা উচিত।

রোববার দুপুরে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় মহাসড়ক পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, জনগণ যখন আমাদের কাজে খুশি হন, বিএনপি তখন অখুশি।

বিগত কয়েক বছরের মধ্যে এবার ঈদযাত্রা অনেক স্বস্থিদায়ক হয়েছে বলেও উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, সারাদেশে কোনো যানজট নেই, বৃষ্টিও নেই। সবাই স্বস্তিতে বাড়ি যাচ্ছেন। আশা করি ঢাকা ফেরার সময়ও সবাই স্বস্তিতে থাকবেন। এবার রাস্তা ভালো, শৃঙ্খলা ছিল। এ কারণে সওজ ও পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তাসহ সকলকেই কৃতজ্ঞতা জানান মন্ত্রী।

এ সময় মন্ত্রীর সঙ্গে সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবদুস সবুর, বিআরটি প্রকল্পের পরিচালক মো. সানাউল হক, সওজের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, গাজীপুর সওজের নির্বাহী প্রকৌশলী ডিএকেএম নাহীন রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।