বিএনপির নেতাকর্মীদের মামলা প্রত্যাহারের আহ্বান মামাবাড়ির আবদার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘বিএনপির এই মামাবাড়ির আবদার মানা হবে না। আমাদের দলের নেতাকর্মীরাও মামলা মোকাবিলা করছেন।’ আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

এর আগে গতকাল সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তারেক রহমানসহ বিএনপির সকল স্তরের নেতাকর্মীদের নামের মিথ্যা মামলা প্রত্যাহার করলে বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিবে।

ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের দলের নেতাকর্মীদের নামে রাজনৈতিক মামলাগুলো প্রত্যাহার করা হয়েছে। দুদকের মামলাগুলো আদালতের মাধ্যমে মোকাবিলা করা হয়েছে।’ ‘আমাদের দলের এমপিরাও এখন দুদকের মামলা মোকাবিলা করছেন। কাজেই বিএনপির মহাসচিব যে আবদার করেছেন, তাতে আমাদের কিছু করার নেই।

আওয়ামী লীগ রাজনৈতিক চোরাবালিতে হারিয়ে গেছে—বিএনপির মহাসচিবের এমন মন্তব্যের বিষয়ে কাদের বলেন, ‘আওয়ামী লীগ নয়, বিএনপিই রাজনৈতিক চোরাবালিতে হারিয়ে গেছে। ২০১৪ সালে নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি ওই চোরাবালিতে পা দেয়।’