টাঙ্গাইলের মির্জাপুরে ডাকাত ভেবে সারারাত পুলিশ অফিসারকে আটকে রাখলো এলাকাবাসী। আজ রবিবার মধ্যরাতে উপজেলার ৯নং বহুরিয়া ইউনিয়নের গেড়ামারা গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনা সূত্রে জানা গেছে, রবিবার রাত ২টার সময় গেড়ামারা গ্রামের আলমাস মিয়ার বাড়িতে পুলিশ পরিচয় দিয়ে ঘরের দরজা খোলার জন্য উচ্চবাচ্য করতে থাকে ৬-৭ জন ব্যক্তি। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

পরে আলমাসের স্ত্রী আতঙ্কিত হয়ে ডাক-চিৎকার করতে থাকলে আশপাশের প্রতিবেশী ও গ্রামবাসী ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের পরিচয় জানতে চায়। সেখানকার একজন নিজেকে মির্জাপুর থানার এস আই পরিচয় দিলেও বাকিরা নিজেদের পুলিশের কেউ নয় ও একজন নিজেকে মির্জাপুর থানার বাবুর্চি পরিচয় দেয়। পুলিশ পরিচয় দেওয়া সিভিল ড্রেসে থাকা ব্যক্তিকে গ্রামবাসী তার পুলিশের পরিচয়পত্র/আইডি কার্ড, ওয়ারেন্ট দেখাতে বললে তিনি তা দেখাতে ব্যর্থ হন। পরে বিক্ষুদ্ধ এলাকাবাসী তাদের আটক করে রাখে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় হাইওয়েতে টহলরত কয়েক জন পুলিশ। কিন্তু এলাকাবাসীর তোপের মুখে তারা সরে আসতে বাধ্য হন। অবশেষে আজ ভোরে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক নিজে গিয়ে তাদের সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসেন।

আলমাস বলেন – তিনি সিঙ্গাপুরের প্রবাসী। কয়েক মাস হলো দেশে এসেছেন, থানায় তার নামে কোন অভিযোগ বা মামলা নেই। কিছু দিন আগে তার শশুর বাড়িতে ডাকাতি হয়। সেই ঘটনা আর এই ঘটনার প্রেক্ষাপট প্রায় একই রকম। তিনি বিনা অপরাধে মানুষকে হয়রানি করা ও নেশাখোর সোর্স, থানার বাবুর্চি নিয়ে রাতের আধারে নির্দিষ্ট অভিযোগ বা ওয়ারেন্ট ছাড়া মানুষকে হয়রানি করার সুষ্ঠু বিচার দাবি করেন।

মির্জাপুর থানার ওসি (তদন্ত) মোঃ মোশারফ হোসেন এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি এই কর্মকর্তা।