উপজেলা নির্বাচনে শরিকরা আওয়ামী লীগকে পাশে পাবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
তিনি বলেন, ‘ঐক্যবদ্ধভাবে জাতীয় নির্বাচনে লড়লেও উপজেলা পরিষদসহ স্থানীয় সকল নির্বাচনে আওয়ামী লীগকে পাশে পাবে না শরিকরা। উপজেলা পরিষদের জোটগত ভাবে নির্বাচন করার কোন সিদ্ধান্ত আমাদের আগেও ছিলো না, এবারও নেই। অতীতের ধারাবাহিকতায় এবারও একক ভাবে উপজেলা পরিষদ নির্বাচনে নিজস্ব প্রতীকে লড়বে আওয়ামী লীগ।’
মঙ্গলবার (১৫ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডিস্থ হোয়াইট কনভেনশন সেন্টারে উত্তর আওয়ামী লীগের বধির্ত সভায় তিনি এ কথা বলেন।
ফেব্রুয়ারি মাসে উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আগামী মাসে নির্বাচন কমিশন উপজেলা নির্বাচনের সিডিউল ডিক্লিয়ার করবে। এটা স্থানীয় সরকার নির্বাচন। স্থানীয় সরকার নির্বাচন আমরা সব সময় দলীয় ভাবে করি, জোটগত ভাবে স্থানীয় সরকার নির্বাচন আমরা কখনও করিনি।’
প্রথমবারের মতো দলীয় প্রতীকে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবার। তাতে আওয়ামী লীগ মনোনিত প্রার্থীদের প্রতীক হবে নৌকা, জানিয়ে আওয়ামী লীগ ওবায়দুল কাদের বলেন, ‘সিটি-করপোরেশন নির্বাচনও আমরা দলীয় ভাবে, দলীয় প্রতীকে করেছি। আগে দলীয় প্রতীকের বাইরে উপজেলা নির্বাচন হয়েছে। এবার আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা সিদ্ধান্ত নিয়েছেন উপজেলা নির্বাচনও আমরা দলী প্রতীক-নৌকা মার্কায় করবো।’
উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বাছাই প্রক্রিয়া তুলে ধরে তিনি বলেন, ‘আমরা প্রতিদ্বন্দ্বিতা করবো। সেই সঙ্গে অভ্যন্তরীন গণতন্ত্র এখানে প্রাধান্য পাবে। উপজেলা পর্যায়ে যারা মনোনয়ন চাইবেন তাদের আগে তৃণমূল থেকে রিকমান্ডেশন নিয়ে আসতে হবে। জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় জেলার সভাপতি ও সেক্রেটারি প্রতি উপজেলা থেকে তিনজন করে নাম রিকমান্ড কারবে। তার জেলা ও স্ব স্ব উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাক্ষর সম্বলিত এ তিনজনের নামের কাগজ কেন্দ্রে আসবে।’
এরপর সেখান থেকে প্রার্থী চড়ান্ত করবে আওয়ামী লীগ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘কেন্দ্রীয় স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠকে একজনের মনোনয়ন দেবো। আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হবে। এই হলো উপজেলা পরিষদ নির্বাচনের প্রক্রিয়া।’
তৃণমূলের পাশাপাশি জরিপ ফল প্রার্থীতা চাড়ান্তে ভূমিকা রাখবে জানিয়ে তিনি বলেন, ‘আমাদের নেত্রীর কিছু জরিপ আছে। সে জরিপের ভিত্তিতে এবং তৃণমূলের সুপারিশের ভিত্তিতে আমরা মনোনয়ন দেবো।’




