একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট ডাকাতির অভিযোগ তুলে সরকারকে স্টেডিয়ামে গিয়ে জাতির কাছে মাফ চাইতে বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
আজ মঙ্গলবার (১৫ জানুয়ারি) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গুরুতর আহত যশোরের যুবদলকর্মী ফয়সালকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, আওয়ামী লীগ এত বড় একটা চুরি করেছে যে, তা এখন সামাল দিতে পারছে না। স্টেডিয়ামে গিয়ে গোটা জাতির কাছে তাদের মাফ চাইতে হবে।
প্রথমে বলা হয়েছিল সংলাপ, পরে বলা হলো শুভেচ্ছা বিনিময়ের জন্য বিরোধী দলগুলোকে ডাকা হবে। সরকারের পক্ষ থেকে দুই রকম বক্তব্য সম্পর্কে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘এতো বড় একটি চুরি (নির্বাচনে কারচুপির অভিযোগ) করেছে তারা, সেই চুরি সামাল দিতে পারছে না। মাথা খারাপ হয়ে যাচ্ছে। কাদের সাহেবকে গিয়ে বলেন, প্রথমে স্টেডিয়ামে গিয়ে জাতির কাছে মাফ চাইতে। জাতির সঙ্গে যে ভয়াবহ মিথ্যাচার, প্রতারণা তারা করেছেন, বঞ্চিত করেছেন, তার জন্য যেন তারা স্টেডিয়ামে গিয়ে মাফ চান। তারপর অন্যান্য দল, মতের সঙ্গে আলোচনার পথ তৈরি হবে।’
ক্ষমতাসীন দলের নেতাদের লজ্জা-শরম নেই, মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, ৩০ ডিসেম্বর নির্বাচনের পর থেকে দেশে দখলদারিত্ব প্রতিষ্ঠা পেয়েছে। প্রতিটি জেলায় নির্যাতন, লুট ও চরম নৈরাজ্য সৃষ্টি করেছে আওয়ামী লীগ। তারা ফাঁকা মাঠে গোল করার যে গ্রুপিং করেছিল তা জাতির সামনে খোলাসা হয়ে গেছে। নৃশংসতা, নীলনকশা ও অপকৌশল জনগণের সামনে উঠে এসেছে। তাদের লজ্জা নেই, শরম নেই।
তিনি বলেন, সারা দেশে বিএনপি ও বিরোধী নেতাকর্মীদের ওপর জঘন্য হামলা করা হয়েছে। যশোরের যুবদলকর্মী ফয়সালের শরীরের কয়েক স্থানে ছুরিকাঘাত করা হয়েছে। তার শরীরে ৮ ব্যাগ রক্ত দিতে হয়েছে।
সারা দেশ এখন হাসপাতালে পরিণত হয়েছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ক্ষমতা কি ভয়ঙ্কর, সেখানে থাকলে মানুষকে আর তখন মানুষ মনে হয় না। ক্ষমতায় টিকে থাকার জন্য হত্যা, আক্রমণ, রক্তপাত সব কিছু করা হয়েছে। এসবের মধ্য সারা দেশ এখন হাসপাতালে পরিণত হয়েছে।
তিনি বলেন, তারা যে একটা ব্লু প্রিন্ট করেছিল তা কেউ জানবে না, ফাঁকা মাঠে গোল দিয়ে দেবে তা এখন জাতির সামনে উঠে আসছে। দুঃখজনক ব্যাপার হচ্ছে, লজ্জা বলে একটা কথা থাকে, সে লজ্জাও নেই, শরমও নেই তাদের। মহাবিজয়, এমন মহাবিজয় যে সারা দেশের মানুষের মুখে একটু হাসিও নেই।
তিনি বলেন, সরকার মানুষকে গিনিপিগ হিসেবে ব্যবহার করে কাজ করছে। তারা তাদের নিজেদের সম্পদ বৃদ্ধি, জনগণের অধিকার ক্ষুণ্ন করা এবং বিদেশি প্রভুদের মনতুষ্টির জন্য এ কাজগুলো করছে।
প্রসঙ্গত, নির্বাচনের পরদিন যশোরের কোতয়ালীর সারথী এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হন ফয়সাল। ১ জানুয়ারি তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।




